মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকর হতে পারে মঙ্গলবার (১০ মে) রাতেই। এই ফাঁসির রায় কার্যকরকে কেন্দ্র করে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন গণজাগরণ মঞ্চের কর্মীরা।
মঙ্গলবার রাত সাড়ে ৮টা থেকে শাহবাগে অবস্থান নেন মঞ্চের নেতাকর্মীরা। নিজামীর ফাঁসির দণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত তারা সেখানে অবস্থান করবেন বলে গণজাগরণ মঞ্চ সূত্রে জানা গেছে।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সূত্র জানায়, ফাঁসি কার্যকরের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কাশিমপুর কারাগার থেকে কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছেছেন প্রধান জল্লাদ রাজুও। রাত ১০টার পর যেকোনও সময় ফাঁসি কার্যকর করা হবে। ইতোমধ্যে নিজামীর শারীরিক পরীক্ষার জন্য চিকিৎসক আনা হয়েছে। বর্তমানে নিজামীকে কেন্দ্রীয় কারাগারের রজনীগন্ধা সেলের ৮ নম্বর কক্ষে রাখা হয়েছে।
ইতোমধ্যে মৃত্যুদণ্ডাদেশপ্রাপ্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর সঙ্গে শেষ বারের মতো দেখা করেছেন পরিবারের সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেন তারা।
আরও পড়ুন: যেকোনও সময় নিজামীর ফাঁসি কার্যকর: স্বরাষ্ট্রমন্ত্রী
/এমও/







