জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন একাডেমিক ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে। মঙ্গলবার সকাল ৮টার দিকে ভবনটির সাত তলা থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সদরঘাটের ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ৪০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
সদরঘাট ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. বেলালের সঙ্গে কথা বলে জানা যায়, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে সাত তলা ওই ভবনের সাত তলায় প্রথমে আগুন লাগে। পরে ষষ্ট ও পঞ্চম তলায় তা ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে সদরঘাট ও গুলিস্তান থেকে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৪০ মিনিট পর আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানান ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. নুর মোহাম্মদ বাংলা ট্রিবিউনকে বলেন, সাত তলার ডিন অফিস থেকে আগুনের সূত্রপাত হয়। তবে আগুন চারিদিকে ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণে আনা হয়। ক্ষয় ক্ষতি তেমন হয়নি।
এদিকে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা পলাশ চন্দ্র মোদক বলেন, বাথরুমের পাশে ফাঁকা জায়গায় জমিয়ে রাখা ময়লা আবর্জনার মধ্যে আগুন লাগে। পরে ধোঁয়া ছড়িয়ে পড়ে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সেখানে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছেন ফায়ার সার্ভিসের উপপরিচালক মো. সালেহ।
বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানান, ওই ভবনের ষষ্ট তলায় লাইব্রেরি, সাত তলায় ডিন অফিসসহ পরীক্ষা নিয়ন্ত্রক অফিস, চার তলায় নৃবিজ্ঞান বিভাগ, মাইক্রোবায়োলজি, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ব্যবসায় শিক্ষা অনুষদসহ বেশ কয়েকটি বিভাগের শিক্ষা কার্যক্রম চলে।
আগুনের ধোয়া ভবনের ষষ্ঠ থেকে তৃতীয় তলা পর্যন্ত ধোঁয়া ছড়িয়ে পড়লে আতঙ্ক তৈরি হয়। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি বলে ফায়ার সার্ভিসের কর্মীরা জানিয়েছেন।
আরও পড়ুন-
গণভবনের সামনে ঝুঁকিপূর্ণ বিহারি ক্যাম্প, থমকে আছে স্থানান্তরের উদ্যোগ
/আরএআর/এফএস/








