জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর মালি মিশনে কর্মরত অবস্থায় মারা যাওয়া পুলিশ সদস্য কনস্টেবল মোতাহের হোসেন ও মো. ছামিদুল ইসলামের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাজারবাগ পুলিশ লাইন্সে শহীদ এসআই শিরু মিয়া মিলনায়তনে অনুষ্ঠিত জানাজায় স্বজনরা ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও আইজিপি এ কে এম শহীদুল হকসহ পুলিশের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও আইজিপি এ কে এম শহীদুল হক জাতিসংঘ ও বাংলাদেশ পুলিশের পতাকায় মোড়ানো কফিনে পুষ্পস্তবক অর্পণ করে দুই পুলিশ সদস্যের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় একটি চৌকস পুলিশ দল সশস্ত্র সালাম প্রদান করে। পরে সেখানে এক মিনিট নীরবতা পালন করা হয়।
গত ১৫ মে স্থানীয় সময় বিকেল সাড়ে ৫টায় মালিতে ঘূর্ণিঝড়ের কবলে পড়ে মৃত্যুবরণ করেন দুই পুলিশ সদস্য মোতাহের হোসেন ও ছামিদুল ইসলাম। বুধবার দুপুরে তাদের মরদেহ জাতিসংঘের চাটার্ড ফ্লাইটযোগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। বাংলাদেশ পুলিশের পক্ষে তাদের মরদেহ গ্রহণ করেন পুলিশ সদর দফতরের ডিআইজি (মিডিয়া অ্যান্ড প্ল্যানিং) এ কে এম শহিদুর রহমান। বিমানবন্দর থেকে পুলিশ স্কটসহ দুই শান্তিরক্ষী পুলিশ সদস্যের মরদেহ রাজারবাগ পুলিশ লাইন্স কেন্দ্রীয় জামে মসজিদের সামনে নেওয়া হয়।
জানাজা শেষে পুলিশ স্কটসহ মোতাহের হোসেনের মরদেহ তার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জে এবং কনস্টবল মো. ছামিদুল ইসলামের গ্রামের বাড়ি শেরপুরে পাঠানো হয়েছে। সেখানে পারিবারিক কবরস্থানে তাদের মরদেহ দাফন করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ. কে. এম. কামরুল আহছান।
আরও পড়ুন: পুলিশের দক্ষতা উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র
জেইউ/এজে








