জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশের দক্ষতা উন্নয়নে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র। এছাড়া দু’পক্ষই সন্ত্রাসবাদ দমনে একসঙ্গে কাজ করার বিষয়ে একমত হয়েছে।
বুধবার বিকেলে পুলিশ সদর দফতরে আইজিপি এ কে এম শহীদুল হকের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ডিপ্লোমেটিক সিকিউরিটি অ্যাসিসট্যান্ট সেক্রেটারি গ্রেগরি স্টারের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সাক্ষাতকালে এ বিষয়ে তারা একমত হন। প্রতিনিধিদলে বাংলাদেশে নিযুক্ত মর্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটসহ পাঁচ সদস্য ছিলেন।
পুলিশ সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা এ কে এম কামরুল আহছান জানান, প্রতিনিধিদল বৈশ্বিক ও স্থানীয় সন্ত্রাসবাদসহ সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বাংলাদেশ পুলিশের ভূমিকার প্রশংসা করেন। তারা বাংলাদেশে বসবাসরত মার্কিন কূটনীতিকসহ অন্যান্য বিদেশি নাগরিকদের নিরাপত্তায় বাংলাদেশ পুলিশের নেওয়া পদক্ষেপের প্রশংসা করেন।
আইজিপি জঙ্গিবাদসহ অন্যান্য সংঘবদ্ধ অপরাধ নিয়ন্ত্রণে বাংলাদেশ পুলিশের দক্ষতা বাড়াতে মার্কিন সহযোগিতার বিষয়টি স্মরণ করে উভয়পক্ষ বিদ্যমান সহযোগিতা অব্যাহত রাখার পাশাপাশি এক্ষেত্রে আরও সম্প্রসারণে একমত হন। সহযোগিতার সম্ভাব্য ক্ষেত্র হিসেবে বাংলাদেশ পুলিশের সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি, রিয়েল টাইম গোয়েন্দা তথ্য বিনিময় ইত্যাদি চিহ্নিত করা হয়।
ডিআইজি (অপারেশন্স) ব্যারিস্টার মাহবুবুর রহমান, ডিআইজি (ক্রাইম) মো. হুমায়ুন কবির, অ্যাডিশনাল ডিআইজি (স্পেশাল ক্রাইম) মো. জহিরুল ইসলাম ভূঁইয়া এবং এআইজি (কনফিডেন্সিয়াল) মো. মনিরুজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: 'সভ্যতার সেন্স বদলেছে, আইনে বদল দরকার'
/জেইউ/এজে






