গভীর শ্রদ্ধা আর ভালোবাসায় ভারতীয় উপমহাদেশের নারীদের প্রথম সাপ্তাহিক পত্রিকা ‘বেগম’-এর সম্পাদক নূরজাহান বেগমের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।
সোমবার বিকেলে শেষ শ্রদ্ধা জানানোর জন্য নূরজাহান বেগমের মরদেহ কেন্দ্রীয় শহীদ মিনারে আনা হলে সেখানে সর্বস্তরের মানুষের ঢল নামে। বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ সর্বস্তরের মানুষ এ সময় এই মহীয়সী এই নারীর মরদেহে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
শহীদ মিনারে নূরজাহান বেগমের প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয় বিকেল ৪টা থেকে। এরপর বিভিন্ন আবৃত্তি সংগঠন, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালমনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, শিল্পকলা একাডেমী, সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা, বাংলা একাডেমিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকেও শ্রদ্ধা জানানো হয়।
শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, নূরজাহান বেগম শুধু বাংলাদেশেরই নন, তিনি সারা বিশ্বের একজন শীর্ষস্থানীয় নারী পথিকৃৎ ছিলেন। দেশের নারী পুনর্জাগরণে ও নারীর ক্ষমতায়ন আন্দোলনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
আরও পড়ুন: ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগম আর নেই
আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী বলেন, নূরজাহান বেগম শুধু নিজেই আলোকিত নারী ছিলেন না। তিনি অন্য নারীদের মাঝেও আলো জ্বালিয়েছেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বেগম পত্রিকার মাধ্যমে এই কাজটি করে গেছেন।
মহিলা পরিষদের সভানেত্রী আয়েশা খানম বলেন, আজকের প্রজন্ম হয়তো উপলব্ধি করতে পারবে না নূরজাহান বেগমের গুরুত্ব কতটুকু। নূরজাহান বেগম তার পত্রিকার মাধ্যমে জীবনের শেষ দিন পর্যন্ত নারীদের জাগানোর চেষ্ঠা করেছেন।
সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেন, নূরজাহান বেগম চলে যাওয়ার যে ক্ষতি হয়েছে তা পূরণ করা সম্ভব হবে না। তিনি বেগম পত্রিকার সম্পাদক ছিলেন এটিই তার বড় পরিচয় নয়। তিনি ছিলেন নারী মুক্তির অগ্রদূত। এ মুক্তি শুধু সামাজিক ও অর্থনৈতিক নয় এটি চিন্তার মুক্তিও।
বিকেল ৫টায় শ্রদ্ধা জানানো শেষে নূরজাহান বেগমের মরদেহ গুলশান-১ এর কেন্দ্রীয় মসজিদের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। সেখানে বাদ মাগরিব তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে মরহুমার লাশ মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে রাত ৮টায় দাফন করা হবে বলেও পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
ছবি: মেহেদি হাসান
এসআর/এজে








