আজ বুধবার (১ জুন) থেকে দেশে অষ্টমবারের মতো শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘নৌ নিরাপত্তা সপ্তাহ- ২০১৬’। ‘প্রশিক্ষণ ও দক্ষতা নৌপথে আনে নিরাপত্তা’ এই প্রতিপাদ্য নিয়ে এ বছর নৌ নিরাপত্তা সপ্তাহ পালিত হবে। এই সপ্তাহ চলবে ৭ জুন পর্যন্ত।
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেন, তিনি বলেন, বাংলাদেশ একটি দ্রুত উন্নয়নশীল দেশ হিসেবে ইতোমধ্যে বিশ্ববাসীর নজর কেড়েছে। বিশ্বায়নের প্রতিযোগিতায় টিকে থাকতে সরকার দেশের নৌ-খাতকে আধুনিক ও গতিশীল করতে সমুদ্র, নৌ ও স্থল বন্দরের আধুনিকায়ন, অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌ-পথের নাব্যতা সংরক্ষণ ইত্যাদি কার্যক্রম বাস্তবায়ন করছে। বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ দেশে পরিণত করতে সরকার ‘ভিশন-২০২১’ ও ‘ভিশন-২০৪১’ ঘোষণা করেছে।
তিনি বলেন, নিরাপদ নৌ চলাচলের পাশাপাশি আন্তর্জাতিক প্রয়োজনীয়তার নিরিখে দুর্যোগকালীন উদ্ধার তৎপরতা পরিচালনায় যথাযথ সক্ষমতা আর্জনে প্রকল্প গ্রহণ ও মেরিটাইম সেক্টরে দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। এ সব প্রচেষ্টার মাধ্যমে যাত্রী ও পণ্য পরিবহণ নিরাপদকরণ, বৈদেশিক বাণিজ্যের সম্প্রসারণসহ নৌ পরিবহণ খাতকে আধুনিক, প্রযুক্তিনির্ভর এবং জনবান্ধব যোগাযোগ ব্যবস্থা হিসেবে গড়ে তুলতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা হয়রানিমুক্ত ও নিরাপদ নৌ- ভ্রমণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠান ও সংস্থা’কে আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন। গত সাত বছর তাঁর সরকারের আমলে অভ্যন্তরীণ নৌ পরিবহন ব্যবস্থার সার্বিক উন্নয়নের ধারা বর্ণনা করে প্রধানমন্ত্রী বলেন, নৌ-পথের নাব্যতা পুনরুদ্ধার, নদী দখল ও দুষণমুক্ত রাখা এবং গুরুত্বপূর্ণ নদ-নদীর পানি প্রবাহ ও পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি করাসহ এ খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।
তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রয়াসের মাধ্যমে নৌ-বাণিজ্য সম্প্রসারণ এবং দক্ষ নাবিক তৈরিসহ ডিজিটাল পদ্ধতি প্রয়োগ করে এ খাতের উন্নয়নে সবাইকে সচেষ্ট হতে হবে। আমার বিশ্বাস সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা নৌ-দুর্ঘটনামুক্ত নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব।
নৌ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে নৌ পরিবহণ মন্ত্রণালয় সপ্তাহব্যাপী নানা কর্মসূচি পালন করবে। এ উপলক্ষে আজ বুধবার দুপুরে রাজধানীর বিয়াম ফাউন্ডেশন মিলনায়তনে নৌ নিরাপত্তা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব অশোক মাধব রায়।
নৌযান মালিক, শ্রমিক, বিআইডব্লিউটিসি ও বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান এবং নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও সদস্যরা বক্তব্য রাখবেন।
এছাড়াও নৌ পারবহন মন্ত্রণালয় নৌ নিরপাত্তা সপ্তাহকে কেন্দ্র করে নৌ র্যারলি, পোস্টার, সচেতনতামূলক বিজ্ঞাপন, লিফলেট দেশের বিভিন্ন জায়গায় বিতরণ করবে। দেশের বিভিন্ন নৌ বন্দরেও এ বিষয়ে কাজ করা হচ্ছে। নৌ নিরাপত্তামূলক গণবিজ্ঞপ্তিও প্রকাশ করা হবে। সূত্র: বাসস।
আরও পড়ুন-
আইপিএল জয় করে গ্রামে ফিরলেন মুস্তাফিজ
ট্রেনের টিকিট কাউন্টারে নয়, মিলছে ফ্ল্যাক্সিলোডের দোকানে
/এফএস/








