দেশে চলমান গুপ্তহত্যা বিষয়ে প্রধানমন্ত্রী বলেছেন, যারা প্রকাশ্যে মানুষ পুড়িয়ে মেরেছেন তারাই এখন কৌশল বদলে গুপ্তহত্যা চালাচ্ছেন।
বুধবার বেলা সোয়া ২টায় সৌদি আরবসহ সাম্প্রতিক বিদেশ সফর নিয়ে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী মনে করেন, ‘মরলে শহীদ বাঁচলে গাজী স্লোগান’ নিয়ে যারা মানুষ হত্যাকে উসকে দেয়, বর্তমানের গুপ্তহত্যা তাদের কাজ। দেশের অগ্রযাত্রায় রুখতেই এই নীলনকশা।
তিনি বলেন, এ যাবত যারাই জঙ্গি তৎপরতা চালিয়েছে তাদের সঙ্গে দুটি রাজনৈতিক দলের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।
জঙ্গি তৎপরতার বিপরীতে সরকারের অবস্থান জানিয়ে তিনি বলেন, এ ধরনের তৎপরতা রোধে যা যা করণীয় আমরা করছি। হত্যাকাণ্ড যারা চালাচ্ছে, আইনশৃঙ্খলা বাহিনী তাদের ধরতে সক্ষম হচ্ছে।
‘ইসলাম শান্তির ধর্ম’ উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আল্লাহই শেষ বিচারক। যারা ইসলামের নামে হত্যাকাণ্ড চালাচ্ছে তারা আল্লাহর নির্দেশ অমান্য করছে। ইসলামকে কলুষিত করছে।
প্রধানমন্ত্রী বলেন, গুটিকয়েক এ ধরনের ব্যক্তির জন্যে গোটা পৃথিবীতে মুসলিম উম্মাহ প্রশ্নের সম্মুখীন হচ্ছেন।
জঙ্গি তৎপরতায় কেউ জড়িয়ে পড়ছে কিনা, এ বিষয়ে সচেতন দৃষ্টি রাখতে পরিবারের সদস্যদের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
আর পড়ুন: সৌদি আরবে দক্ষ ডাক্তার ও প্রকৌশলীও পাঠাতে পারবো
/এইচকে/







