জনপ্রশাসন বিভাগের সিনিয়র কর্মকর্তাদের উপেক্ষা করে জুনিয়র কর্মকর্তাদের পদোন্নতি দেওয়া হয়নি বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
স্বতন্ত্র সংসদ সদস্য রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘নীতিমালার আলোকে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসনে পদোন্নতি দেওয়া হয়ে থাকে।’
মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, ‘উপসচিব ও তদূর্ধ্ব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি জন্য পরীক্ষা প্রথা চালুর আপাতত কোনও পরিকল্পনা সরকারের নেই। উপ-সচিব ও তদূর্ধ্ব পদে পদোন্নতির জন্য বিদ্যমান সরকারের উপসচিব, যুগ্ম-সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা-২০০২ সংশোধনের পদক্ষেপ নেওয়া হয়েছে।’
গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নের জবাবে জনপ্রশাসনমন্ত্রী বলেন, সরকার চুক্তিভিত্তিক নিয়োগকে নিরুৎসাহিত করে। তবে চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ করার কোনও পরিকল্পনা আপাতত নেই। বিশেষায়িত পদে এবং যে কোনও সংস্থায় কারিগরি জ্ঞানসম্পন্ন জনবল সংকট রয়েছে, সেসব সংস্থায় উপযুক্ত সামরিক, বেসামরিক ও বিশেষ যোগ্যতাসম্পন্ন ব্যক্তিবর্গকে চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়ে থাকে।
মুহিবুর রহমান মানিকের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, সরকারি চাকরিতে যোগ দেওয়ার বয়সসীমা বৃদ্ধির কোনও পরিকল্পনাও এখন নেই সরকারের।
/ইএইচএস/এসটি/








