রেস্টুরেন্টের ভেতরে জিম্মি বিদেশিসহ অনেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০১৬, ২৩:২৯আপডেট : ০১ জুলাই ২০১৬, ২৩:৩১

গুলশানে গোলাগুলি রাজধানীর কূটনৈতিক পাড়া গুলশান-২- এর একটি রেস্টুরেন্টে অজ্ঞাত অস্ত্রধারীরা অবস্থান নিয়ে বিদেশিসহ অনেককে জিম্মি করে রেখেছে। রেস্টুরেন্টে প্রবেশ করে তারা গোলাগুলি শুরু করে ও গ্রেনড বিস্ফোরণ ঘটায়। তাদের গুলিতে কমপক্ষে ১০ পুলিশ সদস্য আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে পাওয়া তথ্য মতে, রেস্টুরেন্টে বেশ কয়েকজন বিদেশি নাগরিক জিম্মি রয়েছেন। পুলিশ-র‌্যাব রেস্টুরেন্টটি ঘিরে রেখেছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত সোয়া ৯টার দিকে ৫ জন হামলাকারী গুলশান-২ অবস্থিত হলি আর্টিজান বেকারি নামক বিদেশি চেইন রেস্তোরাঁয় প্রবেশ করে। এরপর তারা গুলি বর্ষণ শুরু করে।
হামলার পর রেস্তোরাঁ থেকে পালিয়ে হলি আর্টিজান বেকারির রান্নাঘরের কর্মী সুমন রেজা জানান, বেশ কয়েকজন হামলাকারী অস্ত্রসহ সোয়া নয়টার দিকে প্রবেশ করে। এরপর তারা প্রধান শেফকে জিম্মি করে। তিনি বলেন, তারা বেশ কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়। এতে সবার মধ্যে আতঙ্ক তৈরি হয়। ছুটাছুটির মধ্যে আমি পালিয়ে আসতে সমর্থ হই।
তিনি আরও বলেন, তারা পিস্তল, তলোয়ার ও বোমা নিয়ে আছে। তারা বোমা নিক্ষেপ করার পূর্বে ‘আল্লাহু আকবর’ বলে চিৎকার করছিল।
বাংলা ট্রিবিউনের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল (ডিএমসিএইচ) প্রতিনিধি জানান, আহত অবস্থায় তিনজনকে ডিএমসি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন মাইক্রোবাস চালক আব্দুর রাজ্জাক (৩০), পুলিশ কনস্টেবল প্রদীপ (২৮) ও পুলিশ কনস্টেবল আলমগীর (২৬)। আব্দুর রাজ্জাক গলায় ও শরীরের অন্যান্য স্থানে, প্রদীপের বাম গাল ও ডান পায়ে, আলমগীরের ডান পায়ে গুলিবিদ্ধ হয়েছেন।

গুলশান থানার ডিউটি অফিসার সৈয়দুর রহমান মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে জানান, অজ্ঞাত সংখ্যক মানুষ ভেতরে আটকা পড়েছেন।

ঢাকাস্থ মার্কিন দূতাবাস টুইটারে পরিস্থিতি নিয়ে সতর্কতার কথা বলেছে। মানুষদের নিরাপদ আশ্রয় নিতে এবং জিম্মি দশার কথাও টুইটে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য মতে, রেস্তোরাঁটিতে বেশ কয়েকজন পুলিশ আহত হয়েছেন। অন্তত ২০ বেসামরিক নাগরিক রেস্তোরাঁয় আটকা পড়েছেন। এদের বেশিরভাগই বিদেশি নাগরিক।

জানা গেছে, গুলশান ২ নম্বর সার্কেলের যাওয়ার বিভিন্ন রাস্তায় পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দিয়েছে। গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, আমরা হোটেল ঘিরে রেখেছি। সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলি দুই পুলিশ সদস্য আহত হয়েছেন।

তবে এ ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি। পুলিশ ওই এলাকা ঘেরাও করে রেখেছে।
রাত পৌনে এগারোটার দিকে বিপুল সংখ্যক পুলিশ ও র‌্যাব সদস্যরা রেস্তোরাঁটি ঘিরে রেখেছেন। হামলাকারীরা তখনও বোমা ছুঁড়ে মারছিল।

হলি আর্টিজান বেকারি ২০১৪ সালের ১৫ জুন চালু হয়। ভারতের মুম্বাই ও সিঙ্গাপুরভিত্তিক আর্টিজান বেকারির একমাত্র শাখা এটি। বিদেশিদের দ্বারা এটি পরিচালিত হয়। রেস্টুরেন্টটি প্রবাসী, বিদেশি কূটনীতিক ও মধ্য আয়ের মানুষের কাছে বেশ জনপ্রিয়।

/এএ/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী