কমান্ডো অভিযানের মধ্য দিয়ে গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে হামলার সাড়ে ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান হয়েছে। এ ঘটনায় ছয়জন বন্দুকধারী নিহত হয়েছে। একজনকে জীবিত আটক করা হয়েছে এবং জিম্মিদের মধ্যে ১৩ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। এছাড়া বন্দুকধারীদের গুলিতে ২ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন।
শুরুর ঘটনা: শুক্রবার রাত ৮টা ৪৫ মিনিট: ‘আল্লাহু আকবর’ বলে ৮-৯ জন বন্দুকধারী সন্ত্রাসী ঢাকার গুলশান এলাকার হলি আর্টিজান রেস্টুরেন্টে প্রবেশ করে।
রাত ১০টা ৩০ মিনিট: সেখানে বড় ধরনের বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ পাওয়া যায়। পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সহকারী কমিশনার রবিউল ইসলাম ও বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন নিহত এবং ৫০ জনেরও বেশি আহত হন।
রাত ১১টা ৩০ মিনিট: গণমাধ্যমকে ঘটনাস্থল থেকে সরাসরি সম্প্রচার বন্ধের আহ্বান জানান র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ।
রাত ১টা ৩০ মিনিট: হামলার দায় স্বীকার করে আইএস ।
শনিবার ভোর রাত ৪টা: কমান্ডো অভিযানের পরিকল্পনা
শনিবার ভোর ৫টা: আইনশৃঙ্খলা রক্ষাকারী যৌথবাহিনী অভিযান পরিচালনার জন্য প্রস্তুত হন। যৌথবাহিনীতে ছিল- সেনাবাহিনী, পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), নৌবাহিনীর কমান্ডো এবং বিশেষ বাহিনী সোয়াত।
শনিবার সকাল ৭টা: সেনাবাহিনীর কমান্ডো ফোর্সকে জিম্মি এলাকায় মোতায়েন।
শনিবার সকাল ৭টা ৩০ মিনিট: জিম্মিদের উদ্ধারে যৌথ কমান্ডো অভিযান শুরু। অস্ত্রশস্ত্রে সজ্জিত দলের সদস্যরা রেস্টুরেন্টের ভেতরে প্রবেশ করে। বাংলাদেশ সশস্ত্র বাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি, সোয়াত সদস্যদের নিয়ে এই কমান্ডো অভিযান চালানো হয়। এসময় গোলাগুলির শব্দ শোনা যায়।
৮টা ১৫ মিনিট: রেস্টুরেন্ট থেকে প্রথম দফায় নারী ও শিশুসহ ৬ জনকে উদ্ধার করা হয়। একজনকে অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়া হয়।
৮টা ৫৫ মিনিট: ভবনের নিয়ন্ত্রণ নেয় অভিযানকারীরা।
৯টা ১৫ মিনিট: অভিযান শেষ। কমান্ডো অভিযানের মধ্য দিয়ে গুলশানের রেস্টুরেন্টে প্রায় ১২ ঘণ্টার রক্তাক্ত জিম্মি সংকটের অবসান।
৯টা ৩০ মিনিট: গুলশান এলাকা ছেড়ে বেরিয়ে যান পুলিশ মহাপরিদর্শক।
১০টা: ৪ জন বিদেশিসহ ১৩ জন জীবিত উদ্ধারের খবর জানানো হয়। রেস্টুরেন্টের ভেতরে অজ্ঞাত পাঁচজনের মৃতদেহ পাবার কথা পুলিশ জানায়।
/জিএম/এএইচ/
আরও পড়ুন-
গুলশানে জঙ্গিদের বিরুদ্ধে কমান্ডো অভিযান শুরু, উদ্ধার ১
যেভাবে মাটিতে লুটিয়ে পড়েন রবিউল ও সালাহউদ্দিন








