রাজধানীর মিরপুরে কমার্স কলেজের পেছন থেকে নিখোঁজ হওয়া শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল ১০টা ৫০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল শিশুটির লাশ উদ্ধার করে। স্যুয়ারেজ লাইনের ভাটির দিকে লাশটি পাওয়া যায়। বৃহস্পতিবার বিকালে নিখোঁজ শিশুটি স্যুয়ারেজ লাইনে পড়ে গিয়েছিল বলে ধারণা করা হচ্ছিল।
শাহ আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। এর আগে তিনি জানান, বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে মিরপুরে কমার্স কলেজের পেছনে রূপালী হাউজিং-এর পাশে খেলার সময় নিখোঁজ হয় জুনায়েদ হোসেন সাব্বির নামের চার বছরের শিশুটি। সে পাশের স্যুয়ারেজের লাইনে পড়ে গিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছিল। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল থেকেই তাকে খুঁজতে শুরু করে। পুলিশ আশপাশের এলাকায়ও খোঁজ করে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার মাহমুদুল হক জানান, স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু নিখোঁজ হওয়ার খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালায়। শেষ পর্যন্ত তার লাশ উদ্ধার করা হলো।
পুলিশ জানিয়েছে, শিশুটি তার পরিবারের সঙ্গে ওই এলাকায় থাকত। তার বাবার নাম আমির হোসেন। তিনি একটি বায়িং হাউসের ড্রাইভার।
আরও পড়ুন-
মিরপুরে স্যুয়ারেজ লাইনে পড়ে শিশু নিখোঁজ
/এনএল/এফএস/








