দেশের কিন্ডারগার্টেন বিদ্যালয়গুলো ২০১১ সালের নীতিমালা অনুসারে পরিচালিত হচ্ছে কিনা তা তদারকি করতে সংশ্লিষ্ট জেলা প্রশাসকের নেতৃত্বে টাস্কফোর্স গঠন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।
মঙ্গলবার সন্ধ্যায় সচিবালয়ের সম্মেলন কক্ষে ‘ডিসি সম্মেলন-২০১৬’র প্রথম দিনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।
মন্ত্রী বলেন, উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রম ফলপ্রসূ করতে রিসোর্স সেন্টারগুলিতে আইসিটি সামগ্রী সরবরাহ করা হচ্ছে। এগুলো ঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণ করা হচ্ছে কিনা তাও তদারকির আওতায় আনা হবে। এজন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।
প্রয়োজন অনুযায়ী পর্যায়ক্রমে বিদ্যালয়গুলোয় বিদ্যুৎ সংযোগ প্রদানসহ মাল্টিমিডিয়া ও প্রজেক্টর সরবরাহের ব্যবস্থা করা হবে বলেও জানান মন্ত্রী।
এছাড়া নতুন বিদ্যালয় স্থাপনের ক্ষেত্রে এসব সুবিধা রেখেই নির্মাণ কাজ সম্পন্ন করা হচ্ছে। এ বিষয়গুলো দেখভাল করতেও জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন তিনি।
পাশাপাশি বিভিন্ন সড়ক ও মহসড়কের পাশে যেসব প্রাথমিক বিদ্যালয় অবস্থিত সেই বিদ্যালয়ের সীমানা প্রাচীর প্রয়োজন অনুযায়ী নির্মাণ ও নতুন বিদ্যালয়ে নির্মাণের ক্ষেত্রে সীমানা প্রাচীর ধরেই নকশা প্রণয়ন করা হচ্ছে বলে জানান মন্ত্রী।
/এসআই/এমও/এবি/








