দেশের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর লোকজনকে কখনও মানুষ হিসেবে দেখা হয়নি বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)। রবিবার (৭ আগস্ট) দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবিকার অধিকার’ শীর্ষক এক সংলাপে তিনি এই মন্তব্য করেন।

আরডিসি, ইউএনডিপি ও আইএলও’র সহযোগিতায় আদিবাসী বিষয়ক সংসদীয় কমিটি-ককাস এই সংলাপের আয়োজন করে। সেখানে সন্তু লারমা বলেন, ‘বর্তমান শাসক-গোষ্ঠী বিভিন্নভাবে আদিবাসীদের উন্নয়নে কাজ করছে। তবে আদিবাসীরা ঠিক আগের জায়গাতেই আছে।’
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে কখনও মানুষ হিসেবে দেখা হয়নি মন্তব্য করে তিনি বলেন, ‘আদিবাসীরা কি এই দেশের উন্নয়নে কোনও ভূমিকা রাখেনি? তারা কি বাংলাদেশের হয়ে যুদ্ধ করেনি?’ তিনি বলেন, ‘আমরা সম্মান নিয়ে বেঁচে থাকতে চাই। তবে আজ সময়ের আবর্তনে দিনদিন আদিবাসীদের স্বপ্ন হারিয়ে যাচ্ছে।’
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষেরা বন রক্ষা করছে দাবি করে তিনি বলেন, ‘আপনারা মনে রাখবেন, আমরা ছাড়া এই বন রক্ষা করা সম্ভব নয়। এ দেশে বর্তমানে ৩০ লক্ষ আদিবাসী রয়েছে, যাদের বঞ্চনার মাত্রা শিক্ষা থেকে শুরু করে সর্ব স্তরে রয়েছে।’
ককাসের আহ্বায়ক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সভাপতিত্বে সংলাপে বক্তব্য রাখেন জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক, ক্রিশ্চিয়ান এইডের কান্টি ডিরেক্টর সাকেব নবী, সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী, মৃণাল কান্তি দাস, আদিবাসী বিষয়ক সংসদীয় ককাসের চেয়ারপার্সন অধ্যাপক ড. মেসবাহ কামাল, ককাসের টেকনোক্র্যান্ট সদস্য সঞ্জীব দ্রং প্রমুখ।
/এসআইএস/এআরএল/








