প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের অনিয়ম ও অব্যবস্থাপনা নিয়ে গঠিত তদন্ত কমিটি তাদের প্রতিবেদন জমা দিয়েছে। সোমবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় প্রতিবেদনটি উপস্থাপন করা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন, এমন একজন বিষয়টি নিশ্চিত করেছেন।
বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির চেয়ারম্যান কর্নেল (অব.) ফারুক খান। সেখানে বাংলাদেশ বিমানের টিকিট-বিক্রয় খাতের আয়, ব্যয় ও লাভ নিয়ে আলোচনা হয়। কথা হয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ঢাকা-নিউ ইয়র্ক-ঢাকা, ঢাকা-রোম-ঢাকা রুট পুনরায় চালু, রূপসী বাংলা হোটেলের নির্মাণকাজ বিলম্বের কারণ চিহ্নিত ও তদন্তপূর্বক দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ করা নিয়েও। এ ছাড়া চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বোর্ডিং ব্রিজের সংখ্যা বৃদ্ধি, রানওয়ে সম্প্রসারণ, ট্যক্সিওয়ে, রাডার সিস্টেম আধুনিকায়ন এবং কার্গো ভিলেজ নির্মাণ নিয়ে কথা বলেন কমিটির সদস্যরা।
সভায় জানানো হয়, বিমানের ঢাকা-নিউ ইয়র্ক ফ্লাইট পুনরায় চালু করতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে এফএএ (ফেডারেল এভিয়েশন এডমেনিস্ট্রেশন) কর্তৃক এসইসি-৩ সনদ পেতে হবে। আর এ জন্য সিভিল এভিয়েশন এ্যাক্ট-২০১৬ কার্যকর এবং প্রস্তাবিত সিভিল এভিয়েশন অর্গানোগ্রাম পাস হতে হবে।
সংসদীয় কমিটির সভাপতি জানান, সিভিল এভিয়েশন এ্যাক্ট ইতোমধ্যে সংসদীয় কমিটির কাছে এসেছে। সংসদের পরবর্তী অধিবেশনে এটি পাস করানোর চেষ্টা করা হবে।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, অধ্যাপক মো. আলী আশরাফ, তানভীর ইমাম, নজরুল ইসলাম চৌধুরী, রওশন আরা মান্নান, মন্ত্রণালয়ের সচিব এস এম গোলাম ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
/সিএ/এআরএল/
আরও পড়ুন :








