ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) এলাকার পানি নিষ্কাশনে ৫৫৮ কোটি ২০ লাখ টাকার প্রকল্পে অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক বৈঠকে এ প্রকল্পে অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের জানান, আজকের (৯ আগস্ট) একনেক সভায় মোট ৬টি প্রকল্পে অনুমোদন দেওয়া হয়েছে। প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৮১৭ কোটি ২৮ লাখ টাকা। এরমধ্যে সরকারি তহবিল থেকে ১ হাজার ৮০২ কোটি ৬৮ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি ৬০ লাখ টাকা যোগান দেওয়া হবে।
তিনি আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা এলাকায় প্রায় ২০ লাখ মানুষ বসবাস করেন। দীর্ঘদিন ধরে তারা মানবেতর জীবনযাপন করছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে তারা উপকৃত হবেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, এই প্রকল্পের আওতায় ডিএনডি এলাকায় নতুন পাম্পসহ পাম্প স্টেশন ও পাম্পিং প্লান্ট স্থাপন, বর্তমান পাম্প স্টেশন পুনর্বাসন, সেচখাল নিষ্কাশন, খাল পুনঃখনন এবং ব্রিজ ও কালভার্ট নির্মাণের মাধ্যমে নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন করা হবে। এছাড়া এলাকার জনগণের স্বাভাবিক জীবনমান নিশ্চিতকরণ অর্থাৎ আর্থ-সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন এবং প্রকল্প এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা হবে।
এননেক সভায় অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো- ৬২৫ কোটি টাকা টাকা ব্যয়ে ফরিদপুর জেলার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প, ৭৪ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে প্রান্তিক ও ক্ষুদ্র কৃষদের শস্য সংগ্রহ পরবর্তী সহযোগীদের মাধ্যমে দারিদ্র দূরীকরণ প্রকল্প, ২৮০ কোটি ৩০ লাখ টাকা ব্যয়ে চট্টগ্রাম জেলার উপকূলীয় পতেঙ্গা, আনোয়ারা এবং পটিয়ায় পুনর্বাসন প্রকল্প, ১৭৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে ভোমরা স্থলবন্দর সংযোগসহ সাতক্ষীরা শহর বাইপাস সড়ক নির্মাণ প্রকল্প এবং ১০২ কোটি ৯২ লাখ টাকা ব্যয়ে ফেনী জেলার সোনাগাজীতে ১শ’ মেগাওয়াট সৌর ও ১শ’ মেগাওয়াট বায়ুচালিত বিদ্যুৎকেন্দ্র স্থাপনের লক্ষ্যে ভূমি অধিগ্রহণ প্রকল্প।
আরও পড়ুন-
জঙ্গি হামলার শিকার হলে যা করণীয়
আজও ত্রাণের জন্য ছোটেন সেই বাসন্তি
ডার্কনেটে চলছে ‘রাহমানী-আওলাকি’র দাওয়াত!
/এসএনএইচ/এফএস/








