জাতীয় শোক দিবস উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আয়োজিত কর্মসূচির মধ্যে থাকবে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, শোকের প্রতীক কালো পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর সংগ্রামী জীবন ও কীর্তির ওপর আলোচনা, তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা, মিলাদ মাহফিল, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোকচিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন।
রাজধানীসহ দেশের বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে খোঁজ নিয়ে এসব কর্মসূচি আয়োজনের কথা জানা গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সবগুলো ক্যাম্পাস, ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটিসহ সারাদেশের সব শিক্ষা প্রতিষ্ঠানেই নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সভাপতিত্বে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা এবং চারুকলা অনুষদের উদ্যোগে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও দোয়া মাহফিলের অয়োজন করা হয়েছে। অন্যদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও দোয়া মাহফিল।
রাজধানীর ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সোমবার প্রথম প্রহরে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে, এর পর কালো পতাকা উত্তোলন করা হবে। পরে দোয়া মাহফিলে অংশ নেবে শিক্ষক-শিক্ষার্থীরা।
এআইইউবিতে আলোচনা সভা, দোয়া মাহফিলের আয়োজন রয়েছে। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জীবনী ও মুক্তিযুদ্ধের ইতিহাসসহ বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক-শিক্ষার্থীরা আলোকপাত করবেন।
ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ওপর লেখা বই নিয়ে এক প্রদর্শনীর আয়োজন করেছে। প্রদর্শনীর পাশাপাশি আলোচনাসভার কথা রয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ব্যারিস্টার ফজলে নূর তাপস। অন্যদিকে নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ে তিনদিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
এদিকে, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রীয় অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শিক্ষা মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
/আরএআর/টিএন/








