শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, একটা সময় কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণ ছিলই না। কিন্তু সেই অবস্থা এখন আর নেই। ধীরে ধীরে বেড়ে তা সন্তোষজনক পর্যায়ে এসেছে। কারিগরি শিক্ষায় এখন ২৫ শতাংশের বেশি শিক্ষার্থী মেয়ে। শিক্ষা মন্ত্রণালয়ও কারিগরি শিক্ষায় মেয়েদের অংশগ্রহণকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অডিটোরিয়ামে আয়োজিত নতুন শিক্ষার্থীদের ওরিয়েন্টশন অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এসব কথা বলেন।
শিক্ষামন্ত্রী আরও বলেন, মেয়েদের কারিগরি শিক্ষায় স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের জন্য প্রতিটি বিভাগে মহিলা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ার উদ্যোগ নিয়েছি। এর মধ্যে ৫টি প্রতিষ্ঠানের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে।
দেশের উন্নয়নে কারিগরি শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে তিনি বলেন, শিক্ষাক্ষেত্রে কারিগরি শিক্ষা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। শিক্ষাখাতে এখন কারিগরি শিক্ষাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে । ২০২১ সালের মধ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত দেশে পরিণত হবে বাংলাদেশ। এর জন্য উল্লেখযোগ্য মাধ্যম হচ্ছে কারিগরি শিক্ষা।
উন্নত বিশ্বে কারিগরি শিক্ষার গুরুত্ব উল্লেখ করে নুরুল ইসলাম নাহিদ বলেন, উন্নত বিশ্বে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হয়। উন্নত দেশগুলোতে শুধু কারিগরি শিক্ষার মাধ্যমেই ৬০-৭০ শতাংশ শিক্ষা দেওয়া হয়।
তিনি বলেন, দেশের উন্নয়নে উন্নত বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে আমরাও কারিগরি শিক্ষার মাধ্যমে দেশকে সমৃদ্ধ করবো। এ জন্য এ খাতের ৪২০ জন শিক্ষককে ইতোমধ্যে বিদেশ থেকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আরও ১ হাজার ১৫০ জন শিক্ষক প্রশিক্ষণ নিচ্ছেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. ইঞ্জিনিয়ার লায়ন জি.সি মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন শিক্ষাসচিব মো. সোহরাব হোসেন, কারিগরি শিক্ষা বোর্ডের মহাপরিচালক অশোক কুমার, জেলা গভর্নর লায়ন এম.কে. বাশার প্রমুখ।
/আরএআর/এফএস/টিএন/
আরও পড়ুন: জেএমবি’র নারী উপদেষ্টাসহ গ্রেফতার ৪








