নর্থ সাউথ ইউনিভার্সিটির সাবেক শিক্ষক হাসনাত রেজা করিমকে জিজ্ঞাসাবাদ করতে টাস্কফোর্স ইন্টারোগেশন সেলে (টিএফআই) নেওয়া হয়েছে। শুক্রবার বিকালে তাকে মিন্টো রোডের গোয়েন্দা কার্যালয় থেকে টিএফআই সেলে নেওয়া হয় বলে দায়িত্বশীল সূত্রগুলো জানিয়েছে। বর্তমানে তিনি দ্বিতীয় দফায় আট দিনের পুলিশ হেফাজতে রয়েছেন।
সংশ্লিষ্টরা জানান, গত ৩ আগস্ট রাতে হাসনাত রেজা করিম ও কানাডা প্রবাসী তাহমিদ হাসিব খানকে ৫৪ ধারায় গ্রেফতার দেখায় পুলিশ। পরে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে দুজনের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের ইন্সপেক্টর হুমায়ুন কবির। আদালত তাদের প্রত্যেককে আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।
প্রথম দফায় আট দিনের রিমান্ড শেষে গত ১২ আগস্ট আবারও তাদের আদালতে হাজির করে দ্বিতীয় দফায় তাদের ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন গুলশান হামলা মামলার তদন্ত কর্মকর্তা হুমায়ুন কবির। আদালত হাসনাতের আট দিন ও তাহমিদের ছয়দিন রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডের শেষ দিনে জিজ্ঞাসাবাদের জন্য হাসনাতকে টিএফআই সেলে নেওয়া হয় বলে গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানায়।
১ জুলাই গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় দুই পুলিশ কর্মকর্তাসহ দেশি-বিদেশি ২২ নাগরিক নিহত হন। পরে সেনাবাহিনীর কমান্ডো অভিযানে পাঁচ জঙ্গিসহ ছয়জন নিহত হয়।
/জেইউ/এপিএইচ/
আরও পড়ুন:








