রাজধানীর কল্যাণপুরের নিহত ৯ জঙ্গির মধ্যে ৭ জনের স্বজনদের ডিএনএ প্রোফাইল সংগ্রহ করেছে পুলিশ। নিহতদের ডিএনএ প্রোফাইলের সঙ্গে স্বজনদের ডিএনএ প্রোফাইল মিলিয়ে তাদের পরিচয় নিশ্চিত করা হবে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
গত ২৬ জুলাই ভোরে কল্যাণপুরে একটি জঙ্গি আস্তানায় অভিযান চালায় পুলিশ। অভিযানে ৯ জঙ্গি নিহত হয়। নিহতরা হলো দিনাজপুরের নবাবগঞ্জ থানার বল্লভপুরের সোহরাব আলীর ছেলে আব্দুল্লাহ, টাঙ্গাইলের মধুপুরের নূরুল ইসলামের ছেলে আবু হাকিম নাইম, ঢাকার ধানমণ্ডির রবিউল হকের ছেলে তাজ-উল-হক রাশিক, সাতক্ষীরার তালা থানার ওমরপুরের নাসির উদ্দিন সরদারের ছেলে মতিয়ার রহমান, ঢাকার গুলশানের সাইফুজ্জামান খানের ছেলে আকিফুজ্জামান খান, বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দা তৌহিদ রউফের ছেলে সাজাদ রউফ অর্ক, নোয়াখালীর সুধারাম থানার মাইজদী এলাকার আব্দুল কাইয়ুমের ছেলে জোবায়ের হোসেন, রংপুরের পীরগাছা থানাধীন পুরশুরা এলাকার শাহজাহান কবিরের ছেলে রায়হান কবির ওরফে তারেক ওরফে ফারুক। অপর একজনের পরিচয় এখনও শনাক্ত হয়নি।
ঢাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা জানান, নিহত আট জনের মধ্যে রায়হান কবির ওরফে তারেক ছাড়া বাকিদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবে তাদের ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এসব নমুনা নিহত জঙ্গিদের নমুনার সঙ্গে মিলিয়ে পরিচয় নিশ্চিত করা হবে। পরে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।
আরও পড়তে পারেন: মুক্তিযুদ্ধ ও জাতির জনককে নিয়ে কটূক্তি করলে যাবজ্জীবন
/এনএল/এনএস/এমএসএম /








