তৃতীয় এশিয়া কো-অপারেশন ডায়ালগের (এসিডি) পর্যটন বিষয়ক মিনিস্ট্রিয়াল মিটিং ২০১৮ সালে অনুষ্ঠিত হবে বাংলাদেশে। চলতি বছর ২৯-৩০ আগস্ট ইরানের তিবরিজে অনুষ্ঠিত প্রথম এসিডি মিনিস্ট্রিয়াল মিটিংয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী ২০১৭ সালে দ্বিতীয় সভা অনুষ্ঠিত হবে কম্বোডিয়ায়। বুধবার দুপুরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ইরানে অনুষ্ঠিত প্রথম এসিডি সম্মেলনে তিন সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এ সম্মেলনে এশিয়ার দেশগুলোর মন্ত্রী, সচিব, উচ্চ পর্যায়ের কর্মকর্তা, স্টেক হোল্ডাররা অংশ নেন।
সম্মেলনে রাশেদ খান মেনন বলেন, ‘পর্যটন এখন আর নিছক দেশ দেখা বা বিনোদনের মধ্যে সীমাবদ্ধ নয়। পর্যটনের মাধ্যমে এশিয়ার দেশগুলো পারস্পারিক সম্পর্কের উন্নয়ন, বাণিজ্য সম্প্রসারণের মাধ্যমে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটাতে এবং বিনিয়োগ ও বাণিজ্যের নতুন সম্ভাবনার ক্ষেত্র সৃষ্টি করতে পারে। তাই, দেশে দেশে হেলথ ট্যুরিজম, অ্যাডুকেশন ট্যুরিজম, কালচারাল ট্যুরিজম, আর্কিওলজিক্যাল ট্যুরিজম, অ্যাডভেঞ্চার ট্যুরিজম, স্পোর্টস ট্যুরিজম, রিলিজিয়ন ট্যুরিজমসহ পর্যটন এক ভিন্ন মাত্রা পেয়েছে। আমাদের এ সুযোগ কাজে লাগাতে হবে।’ তিনি বলেন, ‘বাংলাদেশ পর্যটকদের আন্তরিকভাবে বরণ করতে নিজেকে নতুনভাবে সাজাচ্ছে।’ বাংলার রূপ দেখতে সবাইকে বাংলাদেশে আসার আমন্ত্রণ জানান তিনি।
সম্মেলনের পাশাপাশি সাইড লাইনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতারা ইরানের ভাইস প্রেসিডেন্ট, আজারবাইজানের গভর্নর, তিবরিজের মেয়রসহ বিভিন্ন দেশের সরকারি কর্মকর্তা ও স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠক করেন।
আগামী ২০১৭ সালের ওআইসির পর্যটন বিষয়ক সম্মেলন ও জাতিসংঘের পর্যটন বিষয়ক সম্মেলন বাংলাদেশে অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকালে প্রতিনিধিদল ঢাকায় ফিরবেন।
/সিএ/এসটি/এবি/এমএনএইচ/








