শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, শিক্ষা বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) ভবনে কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষা প্রতিষ্ঠান পরির্দশন, স্কুল-কলেজ জাতীয়করণ, এমপিওভুক্তি, নিয়োগ-বদলি, বিষয় খোলা, প্রকল্প অনুমোদন, উপবৃত্তি ও বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণের নামে কিছু কর্মকর্তা-কর্মচারীর দুর্নীতির কারণে শিক্ষাক্ষেত্রে অর্জিত সাফল্য ম্লান হবে, এটা কখনও মেনে নেওয়া যায় না।’
নাহিদ বলেন, ‘জাতি গঠনের মহান দায়িত্বে নিয়োজিত শিক্ষকদের প্রয়োজনীয় সেবা দেওয়া মাউশির দায়িত্ব। সম্মানিত শ্রদ্ধেয় শিক্ষকরা তাদের নিজ অফিস মাউশিতে নিগৃত ও নির্যাতিত হচ্ছেন এরকম খবর অত্যন্ত দুঃখজনক।’
শিক্ষামন্ত্রী বলেন, ‘শিক্ষকরা যাতে সম্মানের সঙ্গে তাদের প্রয়োজনীয় সেবা পেতে পারেন মাউশি’র সেই ভাবমূর্তি গড়ে তুলতে কর্মকর্তা-কর্মচারীদের অবশ্যই সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিদিনের কাজ প্রতিদিন শেষ করতে হবে।’ মাউশিতে শিক্ষা ও শিক্ষকবান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী।
মাউশি’র মহাপরিচালক প্রফেসর ড. এস এম ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এ বৈঠকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে অতিরিক্ত সচিব এ এস মাহমুদ, বিভিন্ন প্রকল্পের পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন-
ফেসবুকে হয়রানি: প্রতিকার মিলবে যেভাবে
চাকরি ফিরে পেতে যা করতে পারেন বাবুল আক্তার
/আরএআর/এফএস/








