জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর সভাপতি হিসেবে বাংলাদেশের ভূমিকা প্রশংসিত হয়েছে। জাতিসংঘের সাধারণ অধিবেশনের ৭১তম সভার এক ফাঁকে অনুষ্ঠিত স্বল্পোন্নত দেশগুলোর বার্ষিক মন্ত্রিপর্যায়ের সভায় এই প্রশংসা করা হয়।
শনিবার জাতিসংঘের সদরদপ্তরে বৈঠকটি হয়। তাতে সভাপতিত্ব করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সভাপতি হিসেবে পররাষ্ট্রমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোকে তাদের উন্নয়ন প্রচেষ্টায় অধিকতর সহায়তা প্রদানের জন্য উন্নত দেশগুলোর প্রতি আহবান জানান। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ‘ভিশন-২০২১’ বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার লক্ষ্যে দ্রুত এগিয়ে চলেছে।
সভায় স্বল্পোন্নত দেশসমূহ, তাদের উন্নয়ন সহযোগী উন্নত ও মধ্যম আয়ের দেশসমূহের মন্ত্রী ও উচ্চ পর্যায়ের প্রতিনিধিগণ এবং জাতিসংঘের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় অংশগ্রহণকারী স্বল্পোন্নত দেশগুলো ২০৩০ এজেন্ডা এবং স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়ন সনদ ‘ইস্তাম্বুল প্রোগ্রাম অব এ্যাকশন বাস্তবায়নে বিভিন্ন চ্যালেঞ্জের কথা তুলে ধরেন। উন্নয়ন সহযোগী দেশগুলো বৈদেশিক সাহায্য, বাণিজ্য, বিনিয়োগ এবং প্রযুক্তি সরবরাহের ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোকে সাহায্য প্রদান অব্যাহত রাখার ব্যাপারে আশ্বাস দেন।
সভায় স্বল্পোন্নত দেশগুলোর চ্যালেঞ্জ মোকাবিলায় কয়েকটি সুপারিশ সম্বলিত একটি ‘মিনিস্টারিয়াল ডিক্লারেশন’ গৃহীত হয়। সভার শেষে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী স্বল্পোন্নত দেশগুলোর উন্নয়নে আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা, ‘টেকনোলজি ব্যাংক’ চালুকরণ এবং রেমিটেন্সের উপর জোর দেন।
সভায় ‘স্টেট অব দি লিস্ট ডেভেলপমেন্ট কান্ট্রিস ২০১৬’ শীর্ষক জাতিসংঘের একটি প্রতিবেদনের মোড়ক উম্মোচন করা হয়। সূত্র : বাসস।
/এআরএল/
আরও পড়ুন:








