রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবন অঞ্চলের কোনও ক্ষতি করবে না বলে দাবি করেছেন পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণে সুন্দরবন অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির প্রচারণার কোনও বৈজ্ঞানিক ভিত্তি নেই।’ বৃহস্পতিবার জাতীয় সংসদের প্রশ্ন-উত্তরে সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য পিনু খানের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্ন-উত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
বনমন্ত্রী বলেন, ‘কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র সুন্দরবনের কাছে হওয়ায় এ প্রকল্পে পরিবেশগত প্রভাব সমীক্ষা প্রতিবেদন প্রণয়নের ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। আল্টা সুপার ক্রিটিক্যাল টেকনোলজিতে এই বিদ্যুৎকেন্দ্রটি হবে। এই বিদ্যুৎকেন্দ্রের কনস্ট্রাকশন অ্যান্ড অপারেশন ফেস-এ সুন্দরবনের ওপর যেন কোনও নেতিবাচক প্রভাব না পড়ে, তা নিশ্চিত করা হয়েছে।’
আনোয়ার হোসেন বলেন, ‘দূষণ কার্যক্রম সার্বক্ষণিক পরিবীক্ষণের জন্য পরিবেশ অধিদফতর ও বিপিডিসিসহ সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বয়ে মনিটরিং টিম গঠন করা হয়েছে।’ তিনি বলেন, ‘প্রকল্পের অনুকূলে পরিবেশ অধিদফতর থেকে ইআইএ প্রতিবেদন অনুমোদনের পর এ কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। কাজেই ইআইএ প্রতিবেদনে প্রস্তাবিত মিটিগেশন মেজার্স যথাযথভাবে বাস্তবায়িত হলে সুন্দনবনের ক্ষতি হওয়ার কোনও আশঙ্কা নেই। সুন্দবনের ক্ষয়ক্ষতির বিষয়ে প্যারালাল ও সমন্বিত গবেষণার মাধ্যমে বিষেজ্ঞদের পরামর্শ অনুযায়ী মতামত গ্রহণ করা যেতে পারে।’
/ ইএইচএস/এমএনএইচ/আপ-এনএস/







