এখন থেকে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ পাওয়া মাত্র গৃহকর্মী বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল অভিযান পরিচালনা করবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়নের লক্ষে গঠিত গৃহকর্মী বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেলের প্রথম সভায় তিনি এ কথা বলেন। সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিমন্ত্রী এ সময় বলেন, সম্প্রতি গৃহকর্মীদের ওপর নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। অনেক গৃহকর্মী সামান্য ভুল-ত্রুটির কারণে অমানবিক নির্যাতনের শিকার হচ্ছে। কিন্তু সরকার এসব অন্যায়-অমানবিক আচরণ কোনোভাবেই সহ্য করবে না। এ জন্য কেন্দ্রীয়ভাবে মনিটরিং সেল গঠন করা হয়েছে। এখন থেকে এ ধরনের ঘটনা জানতে পারলে সঙ্গে সঙ্গে মনিটরিং সেল অভিযান পরিচালনা করবে এবং নির্যাতনকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।
মো. মুজিবুল হক আরও বলেন, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি বাস্তবায়নের বিষয়ে সবাইকে অবহিত করতে কর্পোরেশন, পৌরসভা, জেলা ও উপজেলা পর্যায়ে মনিটরিং সেলের শাখা কমিটি করা হবে। তিনি বলেন, শ্রম আইন অনুযায়ী ১২ বছরের নিচে কোনও শিশুকে কোনও অবস্থাতেই কাজে লাগানোর সুযোগ নেই। তবে ১২-১৮ বছরের মধ্যে শিশুকে ঝুঁকির্পূণ নয় এমন হালকা কাজে নিয়োগ দেওয়া যেতে পারে। তিনি বলেন, গৃহকর্মী নিয়োগ দিতে হলে তার কর্মঘণ্টা, মজুরি নির্ধারণ, সাপ্তাহিক ছুটি ও থাকার ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
উল্লেখ্য, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১৫ বাস্তবায়নে এবছর ১৩ জুলাই ২২ সদস্যের গৃহকর্মী বিষয়ক কেন্দ্রীয় মনিটরিং সেল গঠন করা হয়েছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী মনিটরিং সেলের চেয়ারম্যান এবং সচিব ভাইস চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত মনিটরিং সেলের প্রথম সভায় অন্যান্যের মধ্যে সংসদ সদস্য ইসরাফিল আলম, মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শনের মহাপরিদর্শক সৈয়দ আহমদ, জাতীয় শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মামুদ, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক অ্যাডভোকেট সালমা আলী, গৃহ-শ্রমিক অধিকার প্রতিষ্ঠা নেটওয়ার্কের সমন্বয়কারী সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদসহ বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, বিভিন্ন সংস্থা ও সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
পরে মনিটরিং সেলের সদস্যগণ ঢাকা মেডিক্যালে চিকিৎসাধীন নির্যাতিত চাঁদপুরের ৯ বছরের শিশু গৃহকর্মী জান্নাতুল ফেরদৌসকে দেখতে যান। এ সময় শ্রম প্রতিমন্ত্রী জান্নাতের চিকিৎসার জন্য শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল থেকে ৫০ হাজার টাকা সহায়তার ঘোষণা দেন।
/টিএন/
আরও পড়ুন: মানুষ তো মানুষেরই জন্য








