সাধারণ শিক্ষাবোর্ডের আদলে প্রাথমিক ও গণশিক্ষা বোর্ড গঠনের সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। একইসঙ্গে কমিটি এনসিটিবি’র ছাপাখানার মতো প্রাথমিক কারিকুলাম অনুযায়ী স্বতন্ত্র ছাপাখানা স্থাপনের উদ্যোগ নেওয়ার সুপারিশ করে। মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি মো. মোতাহার হোসেনের সভাপতিত্বে কমিটির সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইন, মো. আবুল কালাম এবং আলী আজম বৈঠকে অংশগ্রহণ করেন।
বৈঠকে উপানুষ্ঠানিক শিক্ষা কার্যক্রমের আওতায় স্থায়ী কমিউনিটি লার্নিং সেন্টার (CLC) ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং সরকারের নিজস্ব খাত থেকে কার্যক্রম বাস্তবায়নের জন্য নিয়মিত প্রয়োজনীয় আর্থিক বরাদ্দ নিশ্চিত করার সুপারিশ করা হয়।
বৈঠকে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ) এর কার্যক্রম দৃশ্যমান করার সুপারিশ করা হয়। এছাড়া প্রশিক্ষণ ও গবেষণা কার্যক্রম পরিচালনার মাধ্যমে প্রশিক্ষক ও শিক্ষকগণের সর্বোচ্চ পেশাগতমান ও যোগ্যতা নিশ্চিত করে মানসম্মত প্রাথমিক শিক্ষা বাস্তবায়নের সুপারিশ করা হয়।
কমিটি ২০১৭ শিক্ষাবর্ষ থেকে প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক স্তরের সকল পাঠ্যপুস্তকের কভার পৃষ্ঠায় প্রধানমন্ত্রীর বই বিতরণের ছবিসহ শ্লোগান ‘মানসম্মত শিক্ষা, জাতির প্রতিজ্ঞা” অন্তর্ভুক্ত করে যথাসময়ে শিক্ষার্থীদের কাছে বই পৌঁছানোর সুপারিশ করে।
বৈঠকে ২০১৭ শিক্ষাবর্ষের পাক-প্রাথমিক স্তরের বিনামূল্যের টিচিং প্যাকেজ মুদ্রণ, বাঁধাই ও সরবরাহের আন্তর্জাতিক দরপত্র মূল্যায়ন কমিটির সিদ্ধান্তে স্বচ্ছতা রাখার সুপারিশ করা হয়। তাছাড়া সরবরাহকৃত টিচিং প্যাকেজ মুদ্রণ মানসম্মত করারও সুপারিশ করা হয়।
কমিটি সরকারিকরণ বিদ্যালয়ে ৩য় ধাপের শিক্ষকদের বেতন ভাতা আগামী সাত দিনের মধ্যে দেওয়ার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে। তাছাড়া জাতীয় শিক্ষা নীতি ১০ অনুযায়ী ৮ম শ্রেণি পর্যন্ত প্রাথমিক শিক্ষার অন্তর্ভুক্তির বিষয়টি দ্রুত বাস্তবায়নের সুপারিশ করে।
/ইএইচএস/টিএন/








