জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলায় প্রত্যেক মানুষকে তাদের নিজ নিজ এলাকায় প্রত্যেকের ওপর নজর রাখার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বিকালে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী বিভাগের ৮টি জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এ পরামর্শ দেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘কাউকে বিপথে যেতে দেওয়া যাবে না। সবাই সবার নিজ এলাকার কেউ বিপথে যায় কি-না নজর রাখবেন, সজাগ ও সতর্ক থাকবেন। সবাই মিলে শান্তিপূর্ণ পরিবেশে বজায় রাখতে হবে।’
এদিন বিভাগের ৮টি জেলার ২ হাজার ৯৮১টি স্থানে জঙ্গিবাদ বিরোধী সমাবেশ হয়। সেসব সমাবেশে প্রোজেক্টরের মাধ্যমে প্রদর্শিত হয় প্রধানমন্ত্রীর বক্তৃতা। এসময় সমাবেশে জড়ো হওয়া বিভিন্ন পেশার জনসাধারণের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, ‘সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে সবাই মিলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। মানুষ খুন, সংখ্যালঘুদের ওপর হামলা এসব যদি হয় বিএনপি-জামায়াতের আন্দোলন, তবে তারা জনসমর্থন পাবে না। সবাই মিলে সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে।’
বিএনপি-জামায়াতের অতীত আন্দোলনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘আন্দোলনের নামে তারা শত শত মানুষ পুড়িয়ে মেরেছে। দেশে খুনের পথ দেখিয়েছে বিএনপি-জামায়াত। তাদের সেই পথ ধরেই নতুন উপসর্গ সৃষ্টি হয়েছে জঙ্গিবাদ। তাদের এই ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যার পর এ দেশে লুটপাটের রাজনীতি শুরু হয়েছিলো। ২১ বছর পর আওয়ামী লীগ ক্ষমতায় এসে দেশের উন্নয়ন ও জনগণের সেবার মধ্য দিয়ে জনগণকে বোঝাতে সমর্থ হই, সরকার জনগণেরই সেবক।’
- সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে অনলাইনে: প্রধানমন্ত্রী
- আবারও নাস্তিকদের খুঁজে বের করার আহ্বান সেলিম ওসমানের
/পিএইচসি/এমও/








