ব্রিটিশ বাণিজ্য দূতের সঙ্গে বৈঠক: কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহারে আশাবাদী বিমান

চৌধুরী আকবর হোসেন
১৯ ডিসেম্বর ২০১৬, ১৯:২৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৩০

ব্রিটিশ বাণিজ্য দূতের সঙ্গে বৈঠক: কার্গো নিষেধাজ্ঞা প্রত্যাহারে আশাবাদী বিমান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সঙ্গে বৈঠক করবেন ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্য দূত ও সংসদ সদস্য রুশনারা আলী। মঙ্গলবার দুপুরে রুশনারা আলীর নেতৃত্বে একটি ব্যবসায়িক প্রতিনিধি দল বিমানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। বাংলাদেশ থেকে আকাশপথে লন্ডনে সরাসরি কার্গো পাঠানোর ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞার মধ্যে ব্রিটিশ বাণিজ্যদূতের এ বৈঠককে গুরত্বের সঙ্গে দেখছে বিমান। নিষেধাজ্ঞা প্রত্যাহার ও বাণিজ্যিক বিষয় নিয়ে আশাবাদী বিমান। এমন তথ্য জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে একাধিক কর্মকর্তা। 

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ও সংসদ সদস্য রুশনারা আলী গত ১৮ ডিসেম্বর ঢাকায় আসেন। তার এই সফর ঢাকা ও লন্ডনের মধ্যে বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির করবে বলে জানিয়েছে বাংলাদেশে ব্রিটিশ হাই কমিশন। ১৮ ডিসেম্বর ব্রিটিশ হাই কমিশন এক  সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, রুশনারা আলী ঢাকায় ব্যবসায়ী ও শিল্প নেতা, রাজনৈতিক নেতা ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, রুশনারা আলী বলেছেন, বাণিজ্যদূত হিসেবে বাংলাদেশে এটিই তার প্রথম সফর। রুশনারা বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি দ্রুত বাড়ছে এবং এটি ব্রিটিশ কোম্পানিগুলোর জন্য একটি সুযোগ। যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে বাণিজ্য যোগাযোগ বাড়াতে চায়। যুক্তরাজ্য বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম বিনিয়োগকারী দেশ। প্রায় ২৪০টি ব্রিটিশ কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে। এছাড়া যুক্তরাজ্য বাংলাদেশি পণ্যের তৃতীয় বৃহত্তম আমদানিকারক দেশ।’ 

এ বছর ৮ মার্চ নিরাপত্তার কারণ দেখিয়ে বাংলাদেশ থেকে আকাশপথে লন্ডনে সরাসরি কার্গো পাঠানোর ওপর অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাজ্য।  এর আগে যুক্তরাজ্যের দেওয়া রিপোর্টের ভিত্তিতে অস্ট্রেলিয়া বাংলাদেশ থেকে কার্গো সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা জারি করে। যুক্তরাজ্যের পরামর্শে হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার মান বাড়াতে ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের সঙ্গে চুক্তি সই করে সিভিল এভিয়েশন অথরিটি। ব্রিটিশ এই কোম্পানিকে দুই বছরে ৭৩ কোটি ২৫ লাখ ৭৯ হাজার টাকা পরিশোধ করতে হবে বাংলাদেশকে। অন্যদিকে ৫ মে চিঠি দিয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়েছে বলে জানায় ঢাকাস্থ অস্ট্রেলিয়ান হাই কমিশন। ব্রিটিশ প্রতিনিধি দল একাধিকবার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শ করলেও নিষেধাজ্ঞা প্রত্যাহার করেনি।

এ প্রসঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার শাকিল মেরাজ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মঙ্গলবার বিকেলে ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশ বিষয়ক বাণিজ্যদূত ও সংসদ সদস্য রুশনারা আলী সৌজন্য সাক্ষাৎ করতে আসবেন। তবে অন্য কোনও বিষয়ে আলোচনা হবে কিনা এখনও নিশ্চিত নয়।’

বিমানের এক পরিচালক বাংলা ট্রিবিউনকে বলেন, মঙ্গলবার বিকেলে ৩টায় কুর্মিটোলায় বলাকা ভবনে ব্রিটিশ বাণিজ্য দূত রুশনারা আলী বিমানের চেয়ারম্যান মোহাম্মদ এনামুল বারী, ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী এ এম মোসাদ্দেক আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। ব্রিটিশ বাণিজ্য দূত সৌজন্য সাক্ষাতে আসলেও কার্গোর নিষেধাজ্ঞা  বিষয়টি সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে তুলে ধরা হবে। বিমানের পক্ষ থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে প্রস্তাব করা হবে। এছাড়া, অন্যান্য বাণিজ্যিক বিষয়েও আলোচনা হবে। তাদের পক্ষ থেকে কোনও প্রস্তাব থাকবে কিনা তা এখনও জানা যায়নি।

চলতি বছরের ১৪ এপ্রিল লেবার পার্টির এমপি রুশনারা আলীকে বাংলাদেশে যুক্তরাজ্যের বাণিজ্য দূত হিসেবে ঘোষণা করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন।

সে সময় ঢাকার ব্রিটিশ হাইকমিশন জানায়, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারিত্বের গুরুত্ব বিবেচনা করে ব্রিটিশ  সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশে অন্যতম প্রধান বিনিয়োগকারী যুক্তরাজ্য এবং বাংলাদেশের সঙ্গে গভীর ও দীর্ঘ সম্পর্ক রয়েছে ব্রিটিশ সরকারের। রুশনারা আলী দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনার সমন্বয় করবেন। বাণিজ্য বাড়াতে তিনি দুই দেশের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবেন।

উল্লেখ্য, সিলেটের মেয়ে রুশনারা আলী ব্রিটিশ পার্লামেন্টে প্রতিনিধিত্বকারী প্রথম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তিনি টানা দুই মেয়াদে এমপি নির্বাচিত হয়েছেন।  বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে বর্তমানে ২.৩ বিলিয়ন পাউন্ড বাণিজ্য হয়। এখানে শতাধিক ব্রিটিশ কোম্পানি ব্যাংকিং,জ্বালানি, অবকাঠামো, রিটেল, শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করে।

/সিএ/এপিএইচ/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম