ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের আধুনিকায়ন কাজের ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। কাজ দ্রুত বাস্তবায়নের জন্য প্রকল্প পরিচালক নিয়োগের নির্দেশ দিয়েছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে এসব তথ্য।
সোমবার (৬ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ঢাকা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল আধুনিকীকরণ কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে এই নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ঢামেক হাসপাতালের উপর দিন দিন চাপ বেড়ে যাচ্ছে। এই চাপ মোকাবিলা করে ও হাসপাতালটির বর্তমান স্থাপত্যশৈলী অক্ষুন্ন রেখে এর সম্প্রসারণ ও আধুনিকায়নের লক্ষ্যে বেশ কিছুদিন আগে নতুন নকশা উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু এখনও চূড়ান্ত নকশা প্রণয়নসহ কয়েকটি কাজে উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় প্রকল্প বাস্তবায়নে পরিচালক নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ঢামেক হাসপাতালের শয্যা সংখ্যা পাঁচ হাজারে উন্নীত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, স্বাস্থ্য সচিব মো. সিরাজুল ইসলাম, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, ঢামেক এর অধ্যক্ষ অধ্যাপক ইসমাইল খান, ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মিজানুর রহমানসহ স্বাস্থ্য মন্ত্রণালয়, পূর্ত মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদফতর এবং স্থাপত্য অধিদফতরের ঊর্দ্ধতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।
/জেএ/এএআর/আপ-এআর/







