উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র কম পড়ার কারণে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. মো. মোস্তাফিজুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ থেকে রবিবার (১৬ এপ্রিল) এই নোটিশ করা হয়। একইসঙ্গে ২০১৭ সালের সব পাবলিক পরীক্ষার ফরম পূরণ করা শিক্ষার্থীর তালিকা পাঠাতে বলা হয়েছে। এছাড়া প্রশ্ন কম পড়ার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে এবং চলতি পরীক্ষায় আর কোনও ঘটনা ঘটে থাকলে তাও জানাতে বলা হয়। আগামী তিন কর্মদিবসের মধ্যে এসব জবাব দিতে হবে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে।
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের উপসচিব সুবোধ চন্দ্র ঢালী স্বাক্ষরিত ওই নোটিশে বলা হয়, মুন্সীগঞ্জ টেকনিক্যাল অ্যান্ড কলেজ কেন্দ্রে চলমান এইচএসসি সমমান পরীক্ষার ইংরেজি দ্বিতীয় বিষয়ের প্রশ্নপত্রের দুইটি প্যাকেটে ২০টি করে প্রশ্নপত্র পাঠানো হয়। কিন্তু, ওই কেন্দ্রে ৬৭ জন পরীক্ষার্থী থাকায় ২৭টি প্রশ্নপত্রের ঘাটতি পড়ে যায়। বিষয়টি সঙ্গে সঙ্গে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক শিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করেন। এ অবস্থায় মুন্সীগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইংরেজি দ্বিতীয় বিষয়ের প্রশ্নপত্র ৬৭টির স্থলে ৪০টি সরবরাহের কারণ এবং প্রয়োজনের চেয়ে কম প্রশ্নপত্র সরবরাহের বিষয়ে জেলা প্রশাসকের আবেদনের প্রেক্ষিতে কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা ব্যাখ্যাসহ জানাতে হবে। এ ধরনের আর কোনও ঘটনা চলতি পরীক্ষায় ঘটে থাকলে তারও বিস্তারিত বিবরণ দিতে হবে।
নোটিশে আরও বলা হয়, কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন ২০১৭ সালের সব পরীক্ষায় অংশ নেওয়ার লক্ষ্যে নির্ধারিত সময়ের মধ্যে ফরম পূরণ করা শিক্ষার্থীর তালিকা পাঠাতে হবে।
নোটিশে তিন কর্মদিবসের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে চেয়ারম্যানকে।
গত ৮ এপ্রিল সারাদেশে একযোগে ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
/এসএমএ/ টিএন/








