বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সীমান্ত সমন্বয় সম্মেলন আগামী ৪ থেকে ৭ জুলাই পশ্চিমবঙ্গের কলকাতায় অনুষ্ঠিত হবে। বিজিবির সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা সোমবার (৩ জুলাই) বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেন।
বিজিবির অতিরিক্ত মহাপরিচালক শাহরীয়ার আহমেদ চৌধুরীর নেতৃত্বে ২৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল সম্মেলনে যোগ দেবেন। প্রতিনিধিদলে রয়েছেন বিজিবির দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর এবং উত্তর-পশ্চিম রিজিয়ন, রংপুরের রিজিয়ন কমান্ডার, উভয় রিজিয়নের অধীন সংশ্লিষ্ট সেক্টর কমান্ডাররা, বিজিবির স্টাফ অফিসার, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতর, যৌথ নদী কমিশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অন্যদিকে, বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি ড. রাজেশ মিশ্রের নেতৃত্বে ২৬ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল সম্মেলনে অংশ নেবেন।
সম্মেলনের আলোচ্য বিষয়ের মধ্যে সীমান্তে হত্যা, মাদক ও অস্ত্র চোরাচালান, অবৈধভাবে সীমান্ত অতিক্রম, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ ও বিভিন্ন উন্নয়নমূলক কাজ, বিজিবি-বিএসএফ সমন্বিত টহল, উভয় দেশের নাগরিকদের জন্য মিলনমেলার আয়োজন, উভয় বাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধির উপায় এবং যৌথ সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন রয়েছে।
/এআরআর/এএম/এসএমএ/








