‘অজ্ঞাত’ রোগে আক্রান্ত হয়ে ৯ শিশুর মৃত্যু ও অন্তত ৩৫ শিশুর অসুস্থ হওয়ার ঘটনা তদন্তে বিশেষজ্ঞরা চট্টগ্রামের সীতাকুণ্ডের উদ্দেশে রওনা হয়েছেন। রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) থেকে চার সদস্যের প্রতিনিধিদল সীতাকুণ্ডের উদ্দেশে রওনা হয়েছেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন আইইডিসিআর’র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর।
গত চার দিনে অজানা রোগে আক্রান্ত হয়ে সীতাকুণ্ডের দুর্গম পাহাড়ি এলাকায় বসবাসকারী ত্রিপুরা গোষ্ঠীর ৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে বুধবারই (১২ জুলাই) মারা গেছে চারজন। একই ধরনের অসুস্থতায় আরও ৩৫ শিশুকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশন্স ডিজিস হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে শিশুদের অসুস্থতার কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেননি চিকিৎসকরা।
এ ব্যাপারে জানতে চাইলে আইইডিসিআর’র জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা এ এস এম আলমগীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনাটি শোনার পরপরই প্রতিনিধি দল সীতাকুণ্ডের উদ্দেশে রওনা দিয়েছেন। তারা এখনো সীতাকুণ্ডে পৌঁছাননি। সেখানে গিয়ে তারা স্যাম্পল (নমুনা) সংগ্রহ করবেন। আমরা সেগুলোকে ল্যাবরেটরি টেস্টের জন্য ঢাকায় আনবো। এরপরই আমরা এ ঘটনার কারণ সম্পর্কে বলতে পারবো। এতো তাড়াতাড়ি এটা বলা সম্ভব না। তবে পুরো বিষয়টি আমরা এখান থেকে মনিটর করছি।’
/জেএ/এএইচ/এফএস/
আরও পড়ুন- সীতাকুণ্ডে অজ্ঞাত রোগে ৯ শিশুর মৃত্যু, ৩৫ জন হাসপাতালে








