রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী সংশ্লিষ্টদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন। এই বৈঠকে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের কাছে মন্ত্রী সীমান্ত পরিস্থিতি ও এর সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য বিষয় জানতে চান। রবিবার (২৭ আগস্ট) বিকালে রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় শুরু হয়ে বৈঠক অনুষ্ঠিত হয় সন্ধ্যা পর্যন্ত। বৈঠকে উপস্থিত এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ওই কর্মকর্তা জানান, মন্ত্রী সবার কথা শুনেছেন এবং পরবর্তী সময়ে তিনি এ বিষয়ে নির্দেশনা দেবেন বলে জানিয়েছেন। তিনি আরও জানান, বৈঠকে কক্সবাজারের স্থানীয় প্রশাসন, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্ট গার্ড, স্থানীয় পুলিশ ও সংশ্লিষ্টরা অংশ নেন।
এদিকে, বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আবুল হোসেন রবিবার মিয়ানমার সীমান্ত পরিদর্শন করেন। এসময় তিনি জানান, বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত বন্ধ করে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাত থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে ফের সহিংসতা ছড়িয়ে পড়ে। সন্ত্রাসী হামলার জের ধরে রাজ্যের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোয় কঠোর অভিযানে নামে দেশটির সেনাবাহিনী। এরপর থেকে সেখানে ৯০ জনের মতো নিহত হয়েছেন। জীবন বাঁচাতে সীমান্ত পেরিয়ে রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করছে।







