বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায় রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর সহিংসতা বন্ধ করতে মিয়ানমার সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। শুক্রবার (৮ সেপ্টেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায় আয়োজিত এক মানববন্ধনে তারা এই আহ্বান জানায়।
মানববন্ধনে সংগঠনের মুখ্য সমন্বয়কারী অশোক বড়ূয়া লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি বলেন, ‘একটি অশুভ শক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করে রোহিঙ্গা সংকট নিয়ে বাংলাদেশের শান্তিপ্রিয় নিরীহ বৌদ্ধদের নিয়ে বিভ্রান্তি তৈরি করছে।’
অশোক বড়ূয়া বলেন, ‘বাংলাদেশের জনগণ সাম্প্রদায়িক ও সহিংস কর্মকাণ্ডকে সমর্থন করে না। আমরা সবসময় শান্তিপূর্ণ সহাবস্থান সমর্থন করি।’ সংগঠনের আহ্বায়ক মিয়ানমার সরকার ও তার জনগণকে অহিংসভাবে রোহিঙ্গা ইস্যুর সমাধান করার আহ্বান জানান।
মানববন্ধনে সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায়ের মুখ্য সমন্বয়কারী জানান, বাংলাদেশের সম্মিলিত বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিরা ঢাকায় মিয়ানমার দূতাবাসকে আগামী ১০ সেপ্টেম্বর রাখাইন রাজ্যের রোহিঙ্গা সমস্যার স্থায়ী সমাধানের জন্য একটি স্মারকলিপি পেশ করবে। এর প্রতিলিপি জাতিসংঘের স্থানীয় কার্যালয়সহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ফোরামেও পাঠানো হবে। বাসস।
আরও পড়ুন-
‘৯৭ বছরে এমন বর্বরতা দেখিনি’
রোহিঙ্গাদের পালানোর পথেও মৃত্যুফাঁদ (ভিডিও)
ডায়রিয়ায় আক্রান্ত রোহিঙ্গা শিশুরা স্যালাইন পাচ্ছে না








