বেসরকারি বিশ্ববিদ্যালয়কে কখনও সরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে তুলনা করা বা না-করা, অথবা একপেশে করে দেখার কোনও সুযোগ নেই। বেসরকারি বিশ্ববিদ্যালয় যেমন দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে অনেক বড় ভূমিকা রাখছে, তেমনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগও করে দিচ্ছে বলে মনে করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সেক্রেটারি জেনারেল ও ঢাকা চেম্বার অব কমার্সের সাবেক প্রেসিডেন্ট বেনজির আহমেদ।
‘প্রাইভেট ইউনিভার্সিটি র্যাংকিং’ শীর্ষক বাংলা ট্রিবিউন বৈঠকিতে এসব কথা বলেছেন বেনজির আহমেদ। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকাল সাড়ে ৪টায় রাজধানীর শুক্রাবাদে বাংলা ট্রিবিউন স্টুডিওতে এ বৈঠকি অনুষ্ঠিত হয়।
এসময় প্রাইভেট বিশ্ববিদ্যালয় সম্পর্কে বেনজির আহমেদ বলেন, ‘দেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ের সংখ্যা খুব কম হওয়ায় এবং সেখানে গুণগত মান ঠিক রাখতে না পারায় প্রচুর মেধাবী শিক্ষার্থী বিদেশে পাড়ি জমাচ্ছিলেন, মেধা পাচার হয়ে যাচ্ছিল। সেই মেধাবীদের দেশেই ধরে রাখতে বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করে লাখ লাখ শিক্ষার্থীর লেখাপড়ার সুযোগ করে দেওয়া হয়। ফলে বেসরকারি বিশ্ববিদ্যালয় দেশের অর্থনৈতিক সমৃদ্ধির পেছনে যেমন অনেক বড় ভুমিকা যেমন রাখছে, তেমনি শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগও করে দিচ্ছে।’
র্যাংকিং বিষয়ে তিনি বলেন, ‘এক সময় মাধ্যমিক স্কুল পর্যায়ে র্যাংকিং করা হতো, স্বল্প সংখ্যক শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশ নিতো, স্ট্যান্ড করত অল্প সংখ্যক শিক্ষার্থী। কিন্তু এখন আর সেই পদ্ধতি নেই। কারণ এই সিস্টেমের মাধ্যমে অল্প সংখ্যক শিক্ষার্থীকেই মূল্যায়ন করা হয়েছে। ফলে সেটা এখন তুলে দেওয়া হয়েছে। তাই এখন সবাই এক কাতারে চলে এসেছে।’
র্যাংকিং করার তথ্য উপাত্তের ব্যাপারে তিনি বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতি সব সময় শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসি’কে তথ্য দিয়ে সহায়তা করে থাকে। এই দুটি প্রতিষ্ঠান আমাদের কাছে যখন যে তথ্য চায়, আমরা সেই তথ্য দিয়ে দেই। কিছু কিছু হয়তো চাওয়ার সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব হয় না। তবে একটি প্রক্রিয়ার মাধ্যমে তথ্য দিয়ে দেওয়া হয়। কিন্তু এই র্যাংকিংয়ের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলোর কাছে হয়তো সেভাবে তথ্য চাওয়া হয়নি। তবে এ ধরনের উদ্যোগকে সাধুবাদ জানাই।’
বৈঠকিতে আরও অংশ নিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস, অ্যাগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) উপাচার্য ড. আব্দুর রব, ওআরজি কোয়েস্ট রিসার্চের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক এম মঞ্জুরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের শিক্ষক রাশেদা রওনক খান এবং অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের সম্পাদক জুলফিকার রাসেল।
মুন্নী সাহার সঞ্চালনায় বৈঠকিটি সরাসরি সম্প্রচার করেছে এটিএন নিউজ। পাশাপাশি বাংলা ট্রিবিউনের হোমপেজ ও ফেসবুক পেজেও সরাসরি দেখানো হয়েছে।
এ সংক্রান্ত আরও খবর:
‘সাম্প্রতিক তথ্য নিয়ে র্যাংকিং করা হলে খুবই ভালো হতো’
‘সীমাবদ্ধতা থাকলেও সর্বশেষ ডেটা নিয়ে র্যাংকিং করা হয়েছে’
পৃথিবীর কোনও গবেষণাই শতভাগ বস্তুনিষ্ঠ নয়: ইউজিসি চেয়ারম্যান
শিক্ষার্থী-অভিভাবকদের সিদ্ধান্ত নেওয়ায় সহায়তা করতেই র্যাংকিং: জুলফিকার রাসেল








