ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আনিসুল হকের মরদেহ নিয়ে দেশের পথে যাত্রা শুরু করেছে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইট। শনিবার রাতে (লন্ডন সময় সন্ধ্যা সাড়ে সাতটা) বাংলাদেশ বিমানের বিজি ২০২ ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।
উল্লেখ্য, গত ২৯ জুলাই একই বিমানের বিজি ০০৭ নাম্বার ফ্লাইটে করে তিনি ঢাকা থেকে লন্ডনে এসেছিলেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যা ৬টায় ফ্লাইটের নির্ধারিত সময় থাকলেও প্রায় দেড় ঘণ্টা পর বিমানটি ঢাকার উদ্দেশে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে। একই ফ্লাইটে আনিসুল হকের স্ত্রী ড. রুবানা হক, একমাত্র ছেলে নাভিদুল হক, ছোট মেয়ে তানিশা ফারিয়ামান হকও দেশে ফিরছেন। এর আগে স্থানীয় সময় দুপুর একটায় লন্ডনের রিজেন্ট পার্ক মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় অন্যদে মধ্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, ব্যবসায়ী সালমান এফ রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও কমিউনিটি নেতারা অংশ নেন।








