জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের স্বীকৃতির ওপর পাঁচটি সনদ বাংলাদেশের কাছে পাঠিয়েছে।
সংস্থাটির মহাপরিচালক স্বাক্ষরিত সনদগুলো সম্প্রতি ফ্রান্সে বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেস্কোয় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেনের মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয় বলে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম বুধবার সাংবাদিকদের একথা জানান।
তিনি বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের প্রামাণ্য ঐতিহ্যের (ডকুমেন্টারি হেরিটেজ) অংশ হিসেবে স্বীকৃতিতে বিশেষ অবদানের জন্য ৫টি সংস্থার কাছে এই সনদ হস্তান্তর করা হবে। সংস্থাগুলো হচ্ছে, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়, বাংলাদেশ বেতার, চলচ্চিত্র ও প্রকাশনা অধিদফতর, মুক্তিযুদ্ধ জাদুঘর ও বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।
প্রেস সচিব বলেন, এ লক্ষ্যে ইউনেস্কো প্যারিসে বাংলাদেশ দূতাবাসে চিঠি দিয়েছে। চিঠিতে ইউনেস্কোর ইউনিভার্সেল অ্যাকসেস ও প্রিজারভেশন সেকশনের প্রধান বোঁয়া রাদোকভ বলেন, ‘আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে ২০১৭ সালের ২৪ মার্চ প্যারিসে ইউনেস্কোর সদর দফতরে অনুষ্ঠিত এ সম্পর্কিত আন্তর্জাতিক উপদেষ্টা কমিটির ১৩তম সভায় মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের স্বীকৃতির কথা ঘোষণা করেন। ফলে এটাই প্রতিফলিত হয়েছে যে এই ভাষণের ব্যতিক্রমধর্মী তাৎপর্য রয়েছে।’
গত ৩০ অক্টোবর ইউনেস্কো বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণকে বিশ্বের ডকুমেন্টারি হেরিটেজের অংশ হিসেবে স্বীকৃতি দেয়। খবর বাসস।








