জঙ্গিবাদ ও সন্ত্রাসের সঙ্গে কোনও আপোষ নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে জাতীয় বিতর্ক উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘আগামী ২ সপ্তাহের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেতে যাচ্ছে। তাই বাংলাদেশের এগিয়ে যাওয়াকে প্রতিরোধ করা যাবে না। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে বাংলাদেশে বিতর্ক শিল্পকে জনপ্রিয় করায় বিশেষ অবদানের জন্য ন্যাশনাল ডিবেট ফেডারেশন ‘ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে আজীবন সম্মাননা প্রদান করা হয়। পররাষ্ট্র প্রতিমন্ত্রী আজীবন সম্মাননা পাওয়া হাসান আহমেদ চৌধুরীর উদ্দেশে বলেন, ‘পাঠ্যপুস্তকে বিতর্ককে অন্তর্ভুক্ত করার আপনাদের এই প্রচেষ্টার সঙ্গে আমি এবং আমরা একযোগে কাজ করব।’ বিতর্ক চর্চাকে জনপ্রিয় করে সারাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য তিনি হাসান আহমেদ চৌধুরীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, ট্রাস্ট ব্যাংকের ভাইস চেয়ারম্যান মেজর জে. এস এম মতিউর রহমান, ইউএনডিপির পরিচালক প্রফেসর ড. সেলিম জাহান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান এ কে এম শোয়েব।








