নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের ঘটনায় আহত শাহরিন আহমেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের কেবিনে স্থানান্তর করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ মার্চ) রাত ৮টার দিকে হাসপাতালের আইসিইউ থেকে ভিআইপি কেবিন-২ এ নেওয়া হয় তাকে।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ড. সামন্ত লাল সেন এসব তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘নেপালে বিমান দুর্ঘটনায় আহত শাহরিনকে আইসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে। হাসপাতালে নিয়ৈ আসার পর তাকে প্রথমে আইসিইউতে নেওয়া হয়। ড্রেসিংয়ের পর তাকে কেবিনে স্তানান্তর করা হয়েছে। তাকে কিছু পরীক্ষা-নিরীক্ষা করতে দেওয়া হয়েছে।’
এর আগে ড. সামন্ত লাল সেন বলেন, ‘শাহরিনের পায়ে একটা ফ্রাকচার আছে। শরীরে বার্ন হয়েছে পাঁচ শতাংশ। তাকে সারিয়ে তোলা সম্ভব। তার অবস্থা এখন স্থিতিশীল। ’
উল্লেখ্য, সোমবার (১২ মার্চ) নেপালের ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলার একটি বিমান ৬৭ যাত্রী ও চারজন ক্রু নিয়ে বিধ্বস্ত হয়। এতে ৫১ জন নিহত হন। এর মধ্যে ২৬ জন বাংলাদেশি। এই ঘটনায় আহত শাহরিন আহমেদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের আইসিইউতে ভর্তি করানো হয়েছে। হযরত শাহজালাল বিমানবন্দর থেকে তাকে বহনকারী অ্যাম্বুলেন্সটি বৃহস্পতিবার বিকাল ৫টা ৪ মিনিটে ঢাকা মেডিক্যালে এসে পৌঁছায়। এসময় ঢাকা মেডিক্যাল কলেজের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দিন এবং ঢামেক বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্তলাল সেন তাকে রিসিভ করেন, এরপর আইসিইউতে ভর্তি করা হয়।
আরও খবর:
নেপালে বিমান বিধ্বস্তে আহত শাহরিন ঢামেক আইসিইউতে (ভিডিও)
নেপালে বিমান বিধ্বস্তে আহত শাহরিনের অবস্থা স্থিতিশীল
নেপাল আর্মির সদস্যরা টেনে না তুললে আগুনে পুড়ে মারা যেতাম: শাহরিন








