সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান কোটা পদ্ধতি সংস্কারে আন্দোলনকারীদের দাবির যৌক্তিকতা সরকার ইতিবাচকভাবে দেখবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বর্তমান কোটা পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
সোমবার (৯ এপ্রিল) সচিবালয়ে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্রতিনিধি দলের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের এসব কথা বলেন। ব্রিফিংয়ে জানানো হয়, আন্দোলনকারীদের যৌক্তিক দাবি ইতিবাচকভাবে বিবেচনায় সরকারের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আগামী ৭ মে পর্যন্ত কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলন স্থগিত রাখা হবে।
কোটা পদ্ধতি সংস্কারের ক্ষেত্রে সরকারের অবস্থান জানিয়ে ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিদ্যমান কোটা পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করে এ বিষয়ে একটা সমাধান খুঁজে পাওয়া; এক কথায় বলতে গেলে, বর্তমান কোটা পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রধানমন্ত্রী মন্ত্রিসভার বৈঠকের পরপর বিশেষ বৈঠকের নির্দেশ দিয়েছেন। আন্দোলনকারী প্রতিনিধিদের সঙ্গে আলাপ আলোচনায় বসার কয়েক মিনিট আগেও প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কোটা পদ্ধতি পরীক্ষা নিরীক্ষা করার জন্য এরই মধ্যে তিনি নির্দেশ দিয়েছেন। এ বিষয়টিতে সরকার রিজিড অবস্থানে নেই। আমি আন্দোলনকারীদের আশ্বস্ত করেছি, তাদের দাবির যৌক্তিকতা আমরা ইতিবাচকভাবে দেখবো।’
ওবায়দুল কাদের বলেন, আগামী মে মাসের ৭ তারিখের মধ্যে সরকার কোটা পদ্ধতি রিভিউ বা পরীক্ষা নিরীক্ষা করছে, তার ফল কী হবে, তা জানিয়ে দেবো। ওই পর্যন্ত আন্দোলন স্থগিত রাখবে।
কোটা সংস্কারের দাবির পরিপ্রেক্ষিতে কোটা পদ্ধতি রিভিউ করা হবে কিনা, এ প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘আমি বলেছি পরীক্ষা নিরীক্ষা। এটাকে তুমি বাংলায় কী বলবে, ইংরেজিতে আর কী বলবে, আই ডোন্ট নো।’
ব্রিফিংয়ে আরও জানানো হয়, রবিবার (৮ এপ্রিল) দিবাগত রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপচার্যের বাসভবনে যারা হামলা চালিয়েছে, তাদের আইনের আওতায় আনা হবে। পাশাপাশি আন্দোলন করতে গিয়ে যারা আহত হয়েছেন, তাদের চিকিৎসার ব্যবস্থাও করবে সরকার।
আরও পড়ুন-
কোটা সংস্কার প্রয়োজন: জাফর ইকবাল
কোটা সংস্কার আন্দোলন কতটা যৌক্তিক?
কোটা সংস্কার আন্দোলন ৭ মে পর্যন্ত স্থগিত
সেতুমন্ত্রীর কাছে কোটা সংস্কার দাবিতে পাঁচ দফা
আন্দোলন স্থগিতের সিদ্ধান্ত মানছেন না টিএসসিতে অবস্থানকারীরা
কোটা সংস্কারের আন্দোলনে হামলা, প্রতিবাদে ৩ ছাত্রলীগ নেতার পদত্যাগ
ঢাবি উপাচার্যের বাসভবনে হামলা ’৭১-এর তাণ্ডবকেও হার মানিয়েছে: নানক
খালি কোটা পূরণের প্রজ্ঞাপন নিয়েই অসন্তোষ, পরীক্ষা-নিরীক্ষার নির্দেশ প্রধানমন্ত্রীর








