কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ক্ষেত্রে বর্তমান সরকার এগিয়ে আছে দাবি করে পরিকল্পনামন্ত্রী আহম মুস্তফা কামাল বলেছেন, ‘গত বছর সরকার দেশে ১৩ লাখ লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করেছে। আমরা ১০ লাখ লোককে বিদেশে পাঠিয়েছি।’ শুক্রবার (৮ জুন) বিকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রীর ভাষ্য, ‘যারা একসময় গৃহে কাজ করতেন, যাদেরকে কাজের জন্য কোনও পারিশ্রমিক দেওয়া হতো না, এমন প্রায় ১৩ লাখ মানুষকে কর্মসংস্থানের আওতায় আনা হয়েছে। যে পরিমাণ জনগোষ্ঠী কর্মজীবনে আছেন, তার চেয়ে বেশি জনগোষ্ঠীকে আমরা কর্মসংস্থানের আওতায় আনতে পেরেছি, এটি আমাদের বড় অর্জন।’
আহম মুস্তফা কামালের কথায়, “অনেকে এক সময় আমাদের ‘বিশ্বভিক্ষুক’ হিসেবে দেখতেন। এমন একটা পরিস্থিতির মধ্যে আমরা ছিলাম। ওই পরিস্থিতির মধ্যে এখন আমরা নেই। এক্ষেত্রে অর্থমন্ত্রীর (আবুল মাল আবদুল মুহিত) বিশেষ অবদান রয়েছে।”
পরিকল্পনামন্ত্রী বিশ্বের বিভিন্ন দেশের পত্রপত্রিকায় বাংলাদেশের অগ্রগতি নিয়ে প্রকাশিত প্রতিবেদন তুলে ধরে বলেন, ‘‘একসময় যে পাশ্চাত্য আমাদেরকে ‘তলাবিহীন ঝুড়ি’ ও ‘হতাশার ঝুড়ি’ হিসেবে আখ্যা দিয়েছিল, আমাদের অগ্রগতি দেখে তারাই এখন প্রশংসা করছে। জাতিসংঘের মহাসচিব ইতোমধ্যে বাংলাদেশকে ‘উন্নয়নের রোল মডেল’ আখ্যা দিয়েছেন।’’








