জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত বুধবার সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জাতীয় ঈদগাহে ঈদের নামাজে ইমামতি করেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মাওলানা মুহাম্মদ এহ্সানুল হক। নামাজ শেষে মোনাজাতে দেশ ও জাতির সুখ শান্তি কল্যাণ কামনা করে মোনাজাত করা হয়।
মোনাজাতে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি কামনা চেয়ে দোয়া করা হয় সৃষ্টিকর্তার কাছে। এছাড়া দেশ-বিদেশি সব ষড়যন্ত্র থেকে বাংলাদেশকে রক্ষার্থেও দোয়া করা হয়। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতার রুহের মাগফেরাত কামনা করা হয়। এছাড়া মুক্তিযুদ্ধে শহীদদের জন্যই দোয়া করা হয়। রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
ঈদের নামাজের আগে বক্তব্য রাখেন মিরপুরের জামেয়া আরাবিয়া আশরাফিয়ার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুয্যামান।
নামাজে রাষ্ট্রপতি আবদুল হামিদ, প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, মন্ত্রিসভার সদস্যরা, ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন, সংসদ সদস্যরা বিদেশি কূটনীতিকরা, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ ঈদের প্রধান জামাতে অংশ নেন।
এছাড়া বায়তুল মোকাররম মসজিদে ঈদের জামাতে আসা মুসল্লিদের নিরাপত্তায় উত্তর ও দক্ষিণ গেটে প্রচুর সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। প্রতিটি গেটে মুসল্লিদের চেক করে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়। বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আরও চারটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো যথাক্রমে সকাল ৮টা, সকাল ৯টা, সকাল ১০টা ও সকাল পৌনে ১১টায় অনুষ্ঠিত হবে।
ছবি: সাজ্জাদ হোসেন








