বঙ্গবন্ধুর নাম মুছে ফেলা যায় না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, ‘বাংলাদেশের জন্ম থেকেই খুনিচক্র বঙ্গবন্ধুর নাম মুছে ফেরার চক্রান্ত শুরু করেছিল। বঙ্গবন্ধুর নাম মুছে ফেলতে তারা বিভিন্ন পদক্ষেপ নেয়। জাতির ইতিহাস বিকৃত করে। বিচারবিরোধী আইনপাস করে। কিন্তু বঙ্গবন্ধুর মতো নেতার নাম যে মুছে ফেলা যায় না, এই সত্য খুনিচক্র জানতো না।’ বৃহস্পতিবার (৩০ আগস্ট) বিকেলে পরিকল্পনা মন্ত্রণালয় আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী আয়োজিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘৪৩ বছর আগে ৩১ শ্রাবণের অভিশপ্ত দিনে বিশ্বাসঘাতকরা যাকে বিনাশ করতে চেয়েছিল, সেই শেখ মুজিবুর রহমান মরেননি। বাঙালির হৃদয়ে অবিনাশী হয়ে আছেন। আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি, তাহলে তার প্রতি সম্মান জানানো হবে। তার স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়ন করা যাবে।’
তিনি বলেন, ‘বঙ্গবন্ধু স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা। বাঙালি জাতির মুক্তির জন্য তিনি সারাজীবন সংগ্রাম করেছেন। আমাদের দুর্ভাগ্য আমরা জাতির পিতাকে রক্ষা করতে পারেনি। বেদনাবিধুর ও কলঙ্কের কালিমায় কলুষিত বিভীষিকাময় ইতিহাসের এক ভয়ঙ্কর দিন হচ্ছে ১৫ আগস্ট।’
পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব মো. জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান; সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সচিব ড. শামসুল আলম; কৃষি, পানিসম্পদ ও পল্লী প্রতিষ্ঠানের সদস্য এ এম শামসুদ্দিন আজাদ চৌধুরী, পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের ভারপ্রাপ্ত সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী এবং শিল্প ও শক্তি বিভাগের সদস্য বেগম শামীমা নার্গিসসহ প্রমুখ।








