আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করার দাবিতে অবস্থান করেছেন তেজগাঁও কলেজ শিক্ষার্থী মোখলেছুর রহমান। মঙ্গলবার (২৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে তিনটি প্লেকার্ড এবং একটি জাতীয় পতাকা হাতে নিয়ে একাই মানববন্ধন করেন।
তিনি বলেন, ‘একটি অবাধ সুষ্ঠু, শান্তিপূর্ণ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি জানাচ্ছি। সাধারণ মানুষের প্রত্যাশা তারা ভোট দেবে, তাদের আশার প্রতিফলন ঘটবে। আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হয় এই দাবি নিয়ে আমি একাই রাজপথে নেমেছি।’
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি একজন শিক্ষার্থী। আমার পক্ষে ১০-১২ জনকে নিয়ে এসে তাদের খরচ দিয়ে মানববন্ধন করা সম্ভব না। যদি কেউ স্বেচ্ছায় আমার পাশে এসে দাঁড়ায়, তবে তাকে স্বাগত জানাই।’
মোখলেছুর রহমান জানান, ২০১৩ সাল থেকে বিবেকের তাড়নায় এককভাবেই দেশের মানুষের বিভিন্ন সমস্যা, সমাজের বিভিন্ন অসঙ্গতি নিয়ে প্রতিবাদ ও সামাজিক সচেতনমূলক কাজ করে আসছেন।








