ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। তিনি বলেন, ‘আমাদের নিয়মিত কাজের পাশাপাশি আগামীকাল (সোমবার) থেকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বিনামূল্যে অ্যারোসল স্প্রে বিতরণ শুরু করা হবে।’ রবিবার (২৮ জুলাই) সকালে সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের অবস্থা পরিদর্শন শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।
সাঈদ খোকন বলেন, ‘প্রতিদিনই ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে বলে। তবে, আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।’ তিনি বলেন, ‘সবার সম্মিলিত প্রচেষ্টায় অচিরেই নগরীকে ডেঙ্গুমুক্ত করতে সক্ষম হবো। নগর কর্তৃপক্ষ আক্রান্তদের পাশে আছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই।’
ইতোমধ্যে উল্লেখযোগ্য-সংখ্যক রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন উল্লেখ করে মেয়র বলেন, ‘রোগী যেমন বাড়ছে, তেমনি অনেকেই সুস্থ হয়ে বাড়িও ফিরছেন। এতে মানুষের মাঝে সুস্থতার বিষয়ে বিশ্বাস ফিরে আসছে। তবে, সব মহলের সম্মিলিত প্রচেষ্টার ফলে জনসাধারণের মধ্যে সার্বিকভাবে সচেতনতা বাড়ছে। এটা আশাব্যঞ্জক।’
এ সময় আরও উপস্থিত ছিলেন হাসপাতালের পরিচালক প্রফেসর উত্তম কুমার বড়ুয়া, ডিএসসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরিফ আহমেদ প্রমুখ।







