ডেঙ্গু রোগ প্রতিরোধে ঢাকা সেনানিবাসসহ সকল সেনানিবাসে বুধবার (৭ আগস্ট) পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়। এসব পরিছন্নতা অভিযানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল পদবির সেনাসদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। ঈদের ছুটি শুরু হওয়ার আগেই ব্যাপক আকারে বুধবারের এই পরিচ্ছন্নতার আয়োজন করা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই পরিচ্ছন্নতা অভিযানে সেনানিবাসের সকল সড়ক, কার্যালয়, সৈনিক বাসস্থান এবং পারিবারিক বাসস্থানগুলো ও এর আশেপাশের স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। এই পরিছন্নতা অভিযানে সেনা সদস্যদের পাশাপাশি তাদের পরিবারের সদস্যরাও অংশ নিয়েছেন। এছাড়াও সকল সেনানিবাসের শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা এই পরিছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ করে। সেনানিবাসগুলোতে ডেঙ্গু রোগ প্রতিরোধের জন্য সকলের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে অধিকতর সচেতনতা বাড়াতে এই পরিছন্নতা কার্যক্রম গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত ২৫ জুলাই সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ ঢাকা সেনানিবাসে ডেঙ্গু নির্মূল অভিযানের উদ্বোধন করেন এবং সকলকে ডেঙ্গু প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখার আহ্বান জানান। এরই ধারাবাহিকতায় চলমান কার্যক্রমের অংশ হিসেবে বুধবারের এই পরিছন্নতা অভিযান পরিচালনা করা হয় এবং নিয়মিত এই কার্যক্রম অব্যাহত থাকবে।








