স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রাষ্ট্রের তিন অঙ্গ নির্বাহী বিভাগ, আইনসভা ও বিচার বিভাগ সংবিধান অনুযায়ী জনগণের স্বার্থেই কার্য সম্পাদন করে। সংসদীয় গণতন্ত্রে সংসদ সব কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু।
মঙ্গলবার (২৭ আগস্ট) ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজে (সিএসসিএসসি) ‘পার্লামেন্ট: রোল, ফাংশন অ্যান্ড পার্লামেন্টারি প্রাক্টিসেস ইন দ্য কনটেক্সট অব পার্লামেন্টারি ডেমোক্রেসি’ শীর্ষক এক সেশনে তিনি এসব কথা বলেন।
রাজধানীর মিরপুর ক্যান্টনমেন্টের ডিএসসিএসসি’র শেখ হাসিনা কমপ্লেক্সে এ সেশন অনুষ্ঠিত হয়।
শিরীন শারমিন চৌধুরী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা আইন প্রণয়ন করেন এবং জনগণের কাছে জবাবদিহি করে থাকেন। নির্বাহী বিভাগ সংসদের কাছে জবাবদিহি করে থাকে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, প্রশ্ন উত্থাপন ও উত্তরের মাধ্যমে সরকার সংসদের কাছে জবাবদিহি করে। সংসদে প্রত্যেক মন্ত্রণালয়ের মন্ত্রী সরকারের পক্ষে প্রশ্নের উত্তর দেন। সংসদ চলাকালীন প্রতি বুধবার প্রধানমন্ত্রীও প্রশ্নের উত্তর দেন। এছাড়া ৭১ বিধিতে মন্ত্রীরা জনগুরুত্ব নোটিসের জবাব দেন বলেও জানান তিনি।
স্পিকার বলেন, সংসদীয় স্থায়ী কমিটির মাধ্যমে সরকারের কাজের সচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংসদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
‘সংবিধানের অনুচ্ছেদ ৭ অনুযায়ী প্রজাতন্ত্রের সব ক্ষমতার মালিক জনগণ’ উল্লেখ করে শিরীন শারমিন বলেন, জনগণের কল্যাণের বিষয়টি নিশ্চিত করতে রাষ্ট্রের তিনটি অঙ্গের কার্যাবলির মধ্যে সমন্বয় থাকতে হবে।
এসময় তিনি প্রশিক্ষণার্থীদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন।
ডিএসসিএসসি কমান্ড্যান্ট মেজর জেনারেল এনায়েত উল্লাহ, ডিফেন্স সার্ভিস কোর্সে অংশগ্রহণকারীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষক এবং ফ্যাকাল্টি মেম্বার ও স্টাফ অফিসাররা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।







