আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “দুর্নীতির বিরুদ্ধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে যুদ্ধ ঘোষণা করেছেন, এটা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী ঘোষিত ‘করাপশনের বিরুদ্ধে ক্রুসেড’-এ আমি আপনাদের (সাংবাদিকদের) সমর্থন ও সহযোগিতা চাই।’ শুক্রবার (৪ অক্টোবর) ঢাকা ক্লাবে টেলিভিশন সংবাদ উপস্থাপকদের সংগঠন ‘নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এনবিএ)-এর নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী যে শুদ্ধি অভিযান শুরু করেছেন, তা সবার জন্য প্রযোজ্য। দুর্নীতি, মাদক, চাঁদাবাজি, টেন্ডারবাজি, অপকর্মের বিরুদ্ধে এ যুদ্ধ। কতিপয় বিদ্বেষপ্রবণ রাজনৈতিক লোক ছাড়া এই অভিযানকে সর্বস্তরের মানুষ সমর্থন করছেন।’
সেতুমন্ত্রী বলেন, ‘আমরা এ যাত্রা ঘর থেকেই শুরু করেছি। আপনি আচরি ধর্ম পরকে শেখাই। আমরা এভাবেই বিষয়টি শুরু করেছি।’
যুক্তরাষ্ট্রের বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতি দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘অন্ধকার দিয়ে অন্ধকার দূর করা যায় না, হিংসা দিয়ে হিংসা দূর করা যায় না। আলো দিয়ে অন্ধকার দূর করতে হয়, ভালোবাসা দিয়ে হিংসা দূর করতে হয়।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘আমি দেয়াল তুলতে চাই না। আমি ব্রিজ তৈরি করতে চাই। আমাদের দেশে ক্রমশ ওয়াল উঠছে—দলে দলে গোষ্ঠীতে গোষ্ঠীতে, পরিবারে পরিবারে। কিন্তু আমরা ব্রিজ তৈরি করছি না। মানুষের মধ্যে সম্পর্ক তৈরি করা এখন জাতীয় জীবনে জরুরি হয়ে পড়েছে। আমি জানি অনেক মিডিয়ার ভেতরে সমস্যা আছে। অনেকে কাজ করেন বেতন পান না। আশা করি ড. হাছান মাহমুদ টেলিভিশন সাংবাদিকদের এই সমস্যা দেখবেন। তাদের বক্তব্য শুনবেন এবং সমাধানের উদ্যোগ নেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে যদি আলোচনা করতে হয় আমি সহযোগিতা করবো।’ তিনি বলেন, ‘আমরা বক্তৃতা করি; যারা কাভার করেন তাদের সমস্যাগুলো আমরা যেন বুঝতে পারি। এ বিষয়টি সিরিয়াসলি দেখা দরকার।’
ওবায়দুল কাদের বলেন, ‘যে নদীতে ঢেউ নেই, সেটা নদী নয়, যে আকাশে মেঘ নেই সেটা আকাশ নয়, যে প্রকৃতিতে দুর্যোগ নেই, সেটা প্রকৃতি নয়। আমাদের অন্ধকার পেরিয়ে যেতে হবে, ঢেউ অতিক্রম করতে হবে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে যে এগিয়ে যাবে সেই আসল মানুষ।’
গণমাধ্যম কর্মীদের উদ্দেশ করে সেতুমন্ত্রী বলেন, ‘আমরা আওয়ামী লীগের হিসেবে আপনাদের নিরঙ্কুশ পেতে চাই না। আপনারা আমাদের গঠনমূলক সমালোচনা করবেন। পাশাপাশি শেখ হাসিনা আমাদের যে অর্জন এনে দিয়েছেন, তার কাভারেজ আপনারা দিচ্ছেন, আরও দেবেন বলে আশা করি।’
অনুষ্ঠানে এনবিএ-এর নবনির্বাচিত কমিটির সভাপতি মুমতাহিনা রীতু ও সাধারণ সম্পাদক জাবেদ কারদার বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।








