ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সংস্কৃতি বাংলাদেশকে সমৃদ্ধ করেছে বলেছে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘নেশা, জুয়া, মাদক ও সন্ত্রাস থেকে উত্তরণের সবচেয়ে বড় হাতিয়ার সংস্কৃতি।’ শুক্রবার (১ অক্টোবর) বিকেলে রাজধানীর বনানী সিটি করপোরেশন মাঠে গারো সম্প্রদায় আয়োজিত ‘ঢাকা ওয়ানগালা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
গারো সম্প্রদায়ের উদ্দেশে মেয়র বলেন, ‘আপনারা বাংলাদেশের অহঙ্কার, আমাদের বৈচিত্র্যময় ইতিহাস, ঐতিহ্যের অন্যতম ধারক-বাহক। এই বাংলাদেশ কৃষি প্রধান দেশ। গারো সম্প্রদায় আয়োজিত এই ওয়ানগালা উৎসবটিও একটি কৃষিভিত্তিক সামাজিক অনুষ্ঠান।’
এ সময় আয়োজক কমিটিকে ডিএনসিসির পক্ষ থেকে ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন মেয়র।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নকমা শুভজিৎ সাংমা, ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য জুয়েল আরেং, ভারতের ত্রিপুরা রাজ্যের এমএলএ বিপ্লব কুমার ঘোষ, ডিএনসিসির কাউন্সিলর মো. জাকির হোসেন বাবুল, ‘বাংলাদেশ আদিবাসী ফোরাম’-এর সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, খ্রিষ্টান অ্যাসোসিয়েশন বাংলাদেশের সাধারণ সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার প্রমুখ।








