করোনা ভাইরাসের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করছে চীন। এসময় প্রকৃত বন্ধুরাষ্ট্র হিসেবে তাদের পাশে আছে বাংলাদেশ। এ সমস্যার সমাধানে চীনের যে কোনও প্রয়োজনে বাংলাদেশ সহায়তার হাত বাড়াতে সব সময় প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইকে পাঠানো এক চিঠিতে করোনা ভাইরাস মোকাবিলায় চীনের নেওয়া পদক্ষেপগুলোর প্রশংসা করে দেশটিকে সাহস জুগিয়েছেন তিনি। চিঠিতে আন্তরিক বিশ্বাস নিয়ে মোমেন লিখেছেন, ‘আমি দৃঢ়ভাবে আশা করি চীন এই সমস্যা কাটিয়ে উঠবে।’
চীনে অবস্থিত বাংলাদেশিদের যত্ন নেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে তিনি লিখেছেন, ‘উহান থেকে ৩১২ জন বাংলাদেশি ছাত্রকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সহযোগিতার জন্য চীনের উদ্যোগ বাংলাদেশে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।’
চীনে করোনা ভাইরাসের কারণে নিহতদের জন্য শোকও প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী।







