মুজিববর্ষে বাড়ি রঙ করার নোটিশ ডিএসসিসি’র

শাহেদ শফিক
০৪ মার্চ ২০২০, ১১:০৭আপডেট : ০৪ মার্চ ২০২০, ১২:১৩

ডিএসসিসি`র নোটিশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাড়ি রঙ করার নোটিশ দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। জাতির জনকের প্রতি সম্মান দেখাতে করদাতাদের এ নির্দেশ দিয়েছে ডিএসসিসি। সংস্থাটির রাজস্ব বিভাগ থেকে এ সংক্রান্ত একটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। পাশাপাশি বাড়ির মালিকদেরও নোটিশ দেওয়া হয়েছে। তবে এক্ষেত্রে ভিন্ন পথ অবলম্বন করছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। তারা কাজটি ইভেন্ট ম্যানেজমেন্টদের দিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৭ মার্চ থেকে ২০২১ সালের ১৭ মার্চ পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে ‘মুজিববর্ষ’  উদযাপন করা হবে। মুজিববর্ষের অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং বিদেশি গণ্যমান্য ব্যক্তিরা বাংলাদেশে আসবেন। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশ তথা ঢাকার ইতিহাস-ঐতিহ্য দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের মাধ্যমে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতেই রাষ্ট্রের উচ্চপর্যায়ের নির্দেশনায় ডিএসসিসি বিভিন্ন অনুষ্ঠান, কর্মসূচি বাস্তবায়ন করছে। শহরকে দৃষ্টিনন্দন করতে ঢাকার গুরুত্বপূর্ণ সড়কগুলো দৃষ্টিনন্দন করে সজ্জিত ও আলোকসজ্জা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় সড়কের পাশের বাড়ি, স্থাপনা, গেট, দেয়াল সংস্কার ও রঙ করা প্রয়োজন। এতে শহরের সৌন্দর্য বৃদ্ধি পাবে। এ কার্যক্রমে অংশগ্রহণ এবং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা আমাদের সবারই নাগরিক দায়িত্ব। এ কার্যক্রমে সবার সক্রিয় সহযোগিতা একান্তভাবে কাম্য।

এ প্রসঙ্গে জানতে চাইলে ডিএসসিসি’র প্রধান রাজস্ব কর্মকর্তা ইউসুফ আলী সরদার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জাতির জনকের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। মুজিববর্ষে বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও বরেণ্য ব্যক্তিরা বাংলাদেশে আসবেন। সেজন্য নগরীকে সাজিয়ে তোলা আমাদের দায়িত্ব। তখন যদি বাড়িগুলো রঙচটা থাকে তাহলে আমাদের শহরকে খারাপ দেখাবে। সেজন্য আমরা প্রধান সড়কগুলোর পাশে যেসব বাড়ি রয়েছে তাদের মালিকদের চিঠি দিয়ে অনুরোধ করেছি যেন তারা ভবনগুলো ঠিকমতো রঙ বা সংস্কার করেন।’

তবে সিটি করপোরেশনের এ নোটিশ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন বাড়ির মালিকরা। তারা বলছেন, এই সিদ্ধান্ত বাড়ির মালিকদের ওপর একটা বাড়তি চাপ। এতে অনেক খরচও হবে। কেউ কেউ বলছেন, রঙের খরচ সিটি করপোরেশন বহন করলে তারা এতে রাজি রয়েছে। আবার কেউ কেউ বলছেন, জাতির জনকের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে তারা যেকোনও সিদ্ধান্ত বাস্তবায়ন করতে রাজি রয়েছেন।

খিলগাঁওয়ের একটি বাড়ির মালিক আফজাল হোসেন বলেন, ‘এটা আবার কেমন সিদ্ধান্ত? শহরকে সাজাতে হলে সিটি করপোরেশন সাজাবে। তারা বিভিন্ন কাজে অযথা টাকা খরচ করতে পারে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ বছরটিতে এ কাজে কী কয়েক কোটি টাকা খরচ করতে পারে না? সেটা কেন বাড়ির মালিককে দিতে হবে?’

ধানমন্ডি এলাকায় বাড়ির মালিক আলী আকবর বলেন, ‘বঙ্গবন্ধুর জন্য সিটি করপোরেশন যে উদ্যোগই নেবে আমরা তার সঙ্গে আছি। যেহেতু রাষ্ট্রে একটা আইন আছে। সেই আইনে এই বিষয়টি নিয়ে সিটি করপোরেশনকে ক্ষমতা দেওয়া হয়েছে। তাই আইন পালন করতে আমরা প্রস্তুত রয়েছি। বাসার দেয়াল রঙ বা সংস্কার করতে লাখ টাকা চলে যাবে না। এতে শহরের সৌন্দর্য যেমন বাড়বে, তেমনি আমার বাড়িটিও সুন্দর হবে।’

ডিএনসিসি অবশ্য কোনও বাড়ির মালিককে নির্দেশনা দেয়নি। তারা নিজস্ব ব্যবস্থাপনায় এ কাজটি করার সিদ্ধান্ত নিয়েছে। সংস্থাটির প্রধান রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ আবদুল হামিদ মিয়া বলেন, ‘আমরা বাড়ির মালিকদের এমন কোনও নির্দেশনা দেইনি। আমাদের নিজস্ব একটা চিন্তাভাবনা রয়েছে। আমরা কাজটি ইভেন্ট ম্যানেজমেন্টদের দিয়ে করাবো।’

বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশের কোনও শহর বা এলাকা কেমন হবে তার একটা নির্দেশনা থাকে। কারণ সিটিটা তো শুধু থাকার জায়গা নয়, সেটার দৃষ্টি নান্দনিকতারও দরকার আছে। বিচ্ছিন্নভাবে কাজ করলে ঠিক বা সুন্দর হবে না। সেজন্য নগর পরিকল্পনাবিদ বা নকশা প্রণেতাদের সমন্বয়ে একটা গাইডলাইন তৈরি করা দরকার। আমরা সিটি করপোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানাই। অন্তত মুজিববর্ষ উপলক্ষে শুরুটা হোক। পরবর্তী সময়ে সব শহরেই এটা ছড়িয়ে দেওয়া যাবে।’

বাড়ির মালিকদের খরচ করতে না চাওয়া প্রসঙ্গে এই পরিকল্পনাবিদ বলেন, ‘এ খরচ অবশ্যই বাড়ির মালিককেই দিতে হবে। এ নিয়ে আপত্তি তোলার কোনও রাইট তাদের নেই। কারণ বাড়িগুলো তাদের আয়ের একটা উৎস এবং এটা সিটি করপোরেশনের আইনের আওতায় চলে। তাই তাদের আইন মেনে চলতে হবে এবং সিটিকে সুন্দর রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ বাস্তবায়ন করতে হবে।’

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
মুজিব বর্ষ উদযাপনে বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের খরচ ১২৬১ কোটি
ভূমিহীনমুক্ত হচ্ছে সাতক্ষীরার ৬ উপজেলা, প্রস্তুত ৩৬৪টি ঘর
‘প্রধানমন্ত্রীর উপহার বেঁচে থাকার সাহস জুগিয়েছে’
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম